ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসাদুজ্জামান জিকো বড়বাইশদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, উপজেলার মনিপাড়ায় ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয় করতেন তিনি। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বড়বাইশদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিরাজ হাওলাদার বলেন, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত—এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। গ্রেপ্তারের পর আমরা বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি ভালোভাবে জেনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন