লাকসাম পৌরসভায় বইছে নির্বাচনি হাওয়া

লাকসাম পৌরসভায় বইছে নির্বাচনি হাওয়া
ফাইল ছবি

তফসিল ঘোষণা করা না হলেও কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। চায়ের স্টলসহ সর্বত্রই এই পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও মাঠে নেমে ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করছেন। জানান দিচ্ছেন লাকসাম পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার কথা।

এতে লাকসামে গরম হয়ে উঠেছে পৌরসভা নির্বাচনি হাওয়া। নির্বাচনের তফসিল যতই ঘনিয়ে আসছে, ততই মাঠ সরগরম। চায়ের দোকানগুলোয় আলোচনা চলছে প্রার্থীদের গুণাগুণ ও যোগ্যতা নিয়ে। বিগত দিনগুলোতে মানুষের কল্যাণে তারা কতটুকু অবদান রেখেছেন, তা নিয়েও ভাবছেন ভোটাররা।

বিজ্ঞাপন

মেয়র পদে প্রার্থীরা মাঠে তৎপর রয়েছেন। তারা গণসংযোগ করছেন, মতবিনিময় সভা, উঠান বৈঠক, কুশলবিনিময় ও কর্মী সংগ্রহ করছেন। লাকসাম পৌরসভা নির্বাচনে সর্বত্র আলোচনায় মজির আহমদ।

জানা গেছে, লাকসাম পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন—বিএনপি থেকে ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান ও লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ; লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু; লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি বেলাল রহমান মজুমদার এবং লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম। তারা মেয়র পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন।

এছাড়া লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের নাম ঘোষণা করেছে। তিনিও মাঠে সক্রিয় আছেন।

তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশি আলোচনায় রয়েছেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ মজির আহমদ। তিনি বলেন, ‘নির্বাচন করব এবং মাঠে আছি।’ অন্য প্রার্থী মোশারফ হোসেন মুশু বলেন, ‘সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছি, কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।’

জামায়াত প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, ‘নির্বাচন করার জন্য সার্বিকভাবে আমি প্রস্তুত। ভোটারদের কাছে যাচ্ছি।’

অন্যান্য যারা প্রার্থী আছেন, তারাও মাঠে আছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হলে প্রার্থীরা জোরালোভাবে মাঠে নামবেন বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন