চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খামারবাড়িতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় বাড়ি দখল, গাছপালা কাটা, ফসল নষ্ট করা এবং ঘরে আগুন দেওয়ার অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছেন এক কৃষক। মামলায় অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাহাড়তলী ঘোনা এলাকার বাসিন্দা মো. জসিম গত ২৭ জুলাই চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ করেন। মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, জসিম প্রায় ৩০ বছর ধরে পরিবার নিয়ে পাহাড়তলী ঘোনা এলাকায় বসবাস করে কৃষিকাজ করছেন। তার খামারবাড়ি ও বাগানই জীবিকার প্রধান অবলম্বন। আসামিরা ওই জায়গা দখলের চেষ্টা করে বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি এবং গাছপালা ও ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ তার।
অভিযোগে বলা হয়, গত ২৯ মার্চ বিকালে আসামিরা আরো ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে জসিমের খামারবাড়িতে যান। সেখানে ৩৫টি আমগাছ ও ২৫টি আকাশিগাছ কেটে নেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ফসল ও গাছপালা নষ্ট করা হয়। এতে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় জসিমের কাছে আরো ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগে আরো বলা হয়, ২৯ এপ্রিল ভোরে আসামিরা খামারবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বাঁশের বেড়া ও টিনের চালের ঘরসহ সেচের পাম্প, আসবাবপত্র, রান্নার সামগ্রী ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাদী। সর্বশেষ ২২ জুলাই সকালে আসামিরা আবার খামারবাড়িতে গিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে জায়গা দখল ও বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। এসব বিষয়ে তিনি রাঙ্গুনিয়া থানায় যোগাযোগ করেছিলেন। তবে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। তাই তিনি আদালতে অভিযোগ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

