কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর সঙ্গে সোনাহাট স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা, দূরত্ব ও পণ্য পরিবহনের সম্ভাবনা যাচাইয়ে স্থলবন্দরটি পরিদর্শন করেছে ভুটানের একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিদল। বুধবার বিকেলে সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে আসে প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ভুটানের জিএমসিএর উপপরিচালক (আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়াদি) কালদেন দর্জি, সহযোগী পরিচালক নিম এলহাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিংসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।
পরিদর্শনকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধি, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী এবং সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম আকন্দসহ স্থানীয় প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুড়িগ্রামে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের পণ্য পরিবহনে সড়কপথের দূরত্ব ও সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই তারা এই সফরে আসেন। প্রতিনিধিদলটি সোনাহাট বন্দরের বর্তমান অবকাঠামো, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ার সম্ভাব্যতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এর আগে বুধবার সকালে প্রতিনিধিদলটি চিলমারী নৌবন্দরও পরিদর্শন করে। সড়ক ও নৌপথে পণ্য আনা-নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতেই এ দুটি বন্দর পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

