সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাত বাংলাদেশি একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দায় যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তাদের সবার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।
এদিকে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কনস্যুলেট সূত্র। একসঙ্গে সাত বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কমিউনিটি ও নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


