নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল গতকাল থেকে শুরু করেছে ব্যাট-বলের প্রস্তুতি। ক্রিকেটাররা কীভাবে এবং কেমন প্রস্তুতি নিচ্ছে সংবাদমাধ্যমকে তা দেখার সুযোগ দেওয়া হচ্ছে না। তবে যতটুকু সুযোগ দেওয়া হয়েছে তাতে দেখা গেছে- দলের সঙ্গে যোগ দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।
গত ১০ আগস্ট বাংলাদেশে আসা এই ইংলিশ কোচ এতদিন কাজ করেছিলেন কোচ এবং নারী ক্রিকেটারদের সঙ্গে। এবার কাজ করবেন জাতীয় দলের সঙ্গে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি।
গতকাল শুরু হওয়া ক্যাম্পে কোচিং স্টাফের সব সদস্যই যোগ দিয়েছেন। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া বেশির ভাগ ক্রিকেটারই আছেন ক্যাম্পে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা ৫ ক্রিকেটার ও তাওহিদ হৃদয় ছাড়া বাকি ক্রিকেটাররা করছেন অনুশীলন।
ঢাকায় জাতীয় দলের এই অনুশীলন ক্যাম্প চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। আগামী ২০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্পের দ্বিতীয় দফার প্রস্তুতি। আগামী ২৬ আগস্ট পর্যন্ত সিলেটে হবে স্কিল ক্যাম্পের দ্বিতীয় দফা। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

