মিসরের রাজধানী কায়রোতে ইসলাম প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অবদানের জন্য দৈনিক আমার দেশের সহসম্পাদক শায়খ আলী হাসান তৈয়বসহ বাংলাদেশের ছয় ইসলামী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কায়রোর নাদিউজ জাহির হলে ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নিবন্ধিত সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ আয়োজিত ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত অন্য পাঁচজন হলেন বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হুদা, অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, মাওলানা রুহুল আমীন, মাওলানা আব্দুল্লাহ আল-মনসুর ও মাওলানা মুহাম্মদ মাসউদ। তাঁরা বাংলাদেশ থেকে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বৃত্তিতে উচ্চতর খতিব-দাঈ ও ফতোয়া গবেষক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
মিশরে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে, সংগঠনটির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব ও সংগঠনের সাবেক কর্ণধার মাওলানা মোশাররফ হোসাইন আযহারীসহ অতিথিরা তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও এমফিল সম্পন্নকারী এবং স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে এক্সিলেন্ট, ভেরি গুড ও টপ টেন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীরাও ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কারি রায়হান উদ্দিন ও মুহসিন আহমদ মাহদী। শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আব্দুল বাসেত নাদীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ পর্বে বক্তব্য দেন সংগঠনের সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমান, প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন, সাবেক সভাপতি আব্দুল আজিজ তরফদার ও আব্দুর রহমান মোতালেব এবং সেক্রেটারি মিসবাহুল হক মেরাজী।
সম্মাননাপ্রাপ্ত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বৃত্তিতে বাংলাদেশ থেকে আসা উচ্চতর দাঈ-খতিব ও ফতোয়া গবেষক দলের প্রধান আলী হাসান তৈয়ব এবং বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা। কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে টপ টেনের মধ্যে স্থান পাওয়া ৫৭ জন বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজনে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।
শেষে সংগঠনের সাবেক সদস্য প্রতিনিধি আখতারুজ্জামানের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপস্থিত প্রায় ২০০ শিক্ষার্থী, শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথিদের বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


