অস্ট্রেলিয়ার সিডনি সিটির কেন্ট স্ট্রিটে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা পালনের দিবসটি উদযাপন করা হয়।
তিনটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রদত্ত বার্তা পাঠ করে শোনান সিডনি কনস্যুলেট কার্যালয়ের কনসাল মো. জাহাঙ্গীর আলম খান রানা।

অনুষ্ঠানে উপস্থিত সুধীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং পাশাপাশি বাংলা ভাষার অনন্য কিছু বৈশিষ্ট্য আলোচনা করেন। এ সময় তিনি বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ভাষা শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন জেরিন আফনান এবং দেশের গান পরিবেশন করেন রুমানা হক। এরপর আল মাহমুদ এবং আবু জাফর ওবায়দুল্লাহর লেখা একুশের কবিতা আবৃত্তি করেন আসিফ ইকবাল। সবশেষে সম্মিলিতভাবে কয়েকটি জনপ্রিয় দেশাত্ববোধক গান গেয়ে শোনান চারু গানের দলের আয়েশা কলি, নামিদ ফারহান, সালাহউদ্দিন শিপলু এবং লিনটাস হুবার্ট পেরেইরা।
শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কনস্যুলেটের আয়োজিত এ অনুষ্ঠানে সিডনির বিভিন্ন বাংলাদেশি সমাজকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

