আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করব

স্টাফ রিপোর্টার

প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করব

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রেমিট্যান্স-যোদ্ধাদের টাকায় আমরা মন্ত্রণালয়ে বসে থাকি। তাই তাদের সুযোগ-সুবিধার জন্য যা যা প্রয়োজন আমরা সব করব। এ ছাড়া প্রবাসীদের লাশ কোনো খরচ ছাড়া দেশে নিয়ে আসার সর্বোচ্চ ব্যবস্থা করব।

মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন যুক্ত হওয়া দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন। বিষয়টির স্বীকৃতি প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশে যে ইতিবাচক ভূমিকা রাখেন, সেগুলোও হিসাবের মধ্যে থাকা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নতুন দায়িত্বে এসেছি, এখনো সবকিছু জানি না। তবে আগামী ১৮০ দিনের মধ্যে প্রবাসীদের জন্য দেওয়া আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী নুরুল হক। এছাড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূঁইয়া, উপসচিব ইমরান আহমদ, সহকারী পরিচালক মো. নাজমুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...