ফ্লোরিডায় নিহত নাহিদা বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছাবে শনিবার

আমার দেশ ডেস্ক

ফ্লোরিডায় নিহত নাহিদা বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছাবে শনিবার
নাহিদা বৃষ্টি। ফাইল ছবি

ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টামপা বে’তে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এতে ইমামতি করেন ইসলামিক সোসাইটি অব টামপা বে’র ইমাম আরজান আহমেসুলা।

বিজ্ঞাপন

জানাজার আগে বৃষ্টির মরদেহ মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজন ও উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানাজার পর দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি সেন্টারে আয়োজিত ওই সভায় বক্তারা দুই শিক্ষার্থীর হত্যার সঙ্গে জড়িত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

ফ্লোরিডায় নিহত জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। এর আগে গত ৪ মে জামিল লিমনের মরদেহ দেশে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানায়। একইসঙ্গে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...