কায়রোতে অনুষ্ঠিত হলো আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কায়রোতে অনুষ্ঠিত হলো আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বুধবার রাতে মিশরের কায়রো শহরের নাদিউজ জাহির হলে অনুষ্ঠিত হলো ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার ২০২৬’। প্রায় দেড় হাজার নিবন্ধিত শিক্ষার্থীর শিক্ষা, সেবা ও দাওয়াহমূলক সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব এবং প্রধান অতিথি ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।

Al azhar-2

বিজ্ঞাপন

সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা সাতটায় সেমিনারের ধারাবাহিক কার্যক্রম শুরু হয়। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আব্দুল বাসেত নাদীমের উপস্থাপনায় সেমিনারের প্রথম পর্বে পবিত্র আল-কুরআন থেকে তিলাওয়াত করেন কারি রায়হান উদ্দিন ও মুহসিন আহমদ মাহদী। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ আল আহরার। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আবু আদনান মহিবুর রহমান (সংগঠনের সদস্য প্রতিনিধি), মোশাররফ হোসেন (প্রধান উপদেষ্টা), আব্দুল আজিজ তরফদার (প্রাক্তন সভাপতি), আব্দুর রহমান মোতালেব (প্রাক্তন সভাপতি) ও মিসবাহুল হক মেরাজী (সেক্রেটারি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আল-আযহারের স্কলারশিপে আগত উচ্চতর দাঈ-খতিব ও ফতোয়া গবেষক দলের প্রধান এবং দৈনিক আমার দেশের সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব, জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা এবং সাইফুর রহমান ও তাসদিদ বিন আব্দুল ওয়াদুদ।

Al azhar-3

সেমিনারের দ্বিতীয় পর্বে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি ও এমফিল সম্পন্নকারী, গ্র্যাজুয়েট সম্পন্নকারী এবং এক্সিলেন্ট, ভেরি গুড ও টপ টেন ক্যাটাগরিতে শতাধিক কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। মিশরে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও সংগঠনের সভাপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করে কৃতী শিক্ষার্থীদের বেশ আনন্দিত ও উৎফুল্ল দেখা যায়। এ ছাড়াও বাংলাদেশ থেকে আল-আযহারের স্কলারশিপে আগত উচ্চতর দাঈ-খতিব ও ফতোয়া গবেষক প্রশিক্ষণে আগত ৬ জন সম্মানিত ইমাম এবং দশ কিরাতের সনদ অর্জনকারী কারি রায়হান উদ্দিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা পর্বের বিশেষ মুহূর্তে সংগঠনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মাহবুবুল আলম।

Al azhar-4

এরপর বক্তব্য রাখেন সেমিনারের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তিনি তার বক্তব্যে ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার ২০২৬’-এর এই চমৎকার আয়োজনে অংশগ্রহণের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের টপ টেনে স্থান করে নেওয়া ৫৭ জন বাংলাদেশি শিক্ষার্থীর এই রেকর্ডসংখ্যক সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব তার সমাপনী বক্তব্যে ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের দীর্ঘ কার্যবিবরণী উপস্থাপন করেন, কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং প্রবাসজীবনে নৈতিকতা চর্চার আহ্বান জানান। সবশেষে আখতারুজ্জামানের (প্রাক্তন সদস্য প্রতিনিধি) দুআ ও মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত দুই শতাধিক ছাত্রছাত্রী, শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথিদের সুস্বাদু বাঙালি খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন