সুনামগঞ্জ-৫ আসন: মুশাহিদের সমর্থনে বার্মিংহামে সভা

সুনামগঞ্জ-৫ আসন: মুশাহিদের সমর্থনে বার্মিংহামে সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম এ মুশাহিদ তালুকদারের সমর্থনে বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গত সোমবার বার্মিংহামের স্থানীয় একটি কমিউনিটি হলে ছাতক-দোয়ারা প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আলহাজ কাজি আঙ্গুর মিয়া এবং সঞ্চালনায় ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক নির্বাহী সদস্য মিজানুর রহমান সুহেল।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা মো. এহছানুল হক। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কায়ছারুল ইসলাম সুমন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মুশাহিদ তালুকদার বলেন, তিনি যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান, তাহলে জনগণের দোয়া ও সমর্থনে জয়ী হবেন এবং নির্বাচিত হতে পারলে ছাতক-দোয়ারার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন। তিনি ‘ভাটি বাংলার সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আমৃত্যু কাজ করে যেতে চান।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, সহ-সভাপতি আব্বাস মিয়া, পর্তুগাল বিএনপির সাবেক সহ-সভাপতি জাহির আলী, সাবেক ট্রেজারার মো. ছাদ আলী, লেস্টার বিএনপি নেতা আলহাজ মো. আব্দুল হান্নান, ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম রফু, সেক্রেটারি মজনু মিয়া, বিএনপি নেতা মো. এমরান আহমেদ, এডভোকেট মো. নজরুল ইসলাম, আলহাজ জুবের উদ্দিন ফখর ও মো. ফখরুল ইসলাম রিপন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং জুলাই যুদ্ধে শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মিছবাহ উদ্দিন তালুকদার।

সভায় প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহণ ও সক্রিয় আলোচনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে প্রবাসী নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন