অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অবৈধ অবরোধের প্রতিবাদে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) গাজামুখী যাত্রার রোমাঞ্চকর ও সংগ্রামের গল্প নিয়ে শুরু হতে যাচ্ছে বিশেষ প্রদর্শনী ‘ফ্লোটিলা: বাংলাদেশ সেইলস ফর গাজা’। ঢাকার পান্থপথে অবস্থিত দৃকপাঠ ভবনে আন্তর্জাতিক আলোকচিত্র সংস্থা ‘দৃক পিকচার লাইব্রেরি’ এই প্রদর্শনীর আয়োজন করেছে।
আগামী শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় দৃকপাঠ ভবনে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই প্রদর্শনীতে আলোকচিত্র, ভিডিও ফুটেজ এবং আর্কাইভাল নানা উপাদানের মাধ্যমে গাজামুখী অভিযানে অংশ নেওয়া দুই ব্রিটিশ-বাংলাদেশি জুবায়ের ইসলাম খান ও মোহাম্মদ আলী (লিয়াকত) এবং বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের সাহসী যাত্রার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
অভিযান চলাকালে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী (আইওএফ) তাঁদের নৌযান অবৈধভাবে আটক করে এবং তাঁদের বেআইনিভাবে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে বন্দী করে রাখে। সেই সব অবরুদ্ধ সময় ও সংগ্রামের চিত্রই এই আয়োজনে প্রদর্শিত হবে।
আগামী ১৪ আগস্ট থেকে শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

