চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ সেশনে মোস্তফা সরয়ার ফারুকী

আবারো নিজের চেনা আঙিনা অর্থাৎ চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এশিয়ার অন্যতম শীর্ষ চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ সেশনে অংশ নিয়ে নিজের নির্মাতা সত্তাকে নতুন করে আবিষ্কার করার কথা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।

বিজ্ঞাপন

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ফারুকী।

বুসান চলচ্চিত্র উৎসবের ‘প্ল্যাটফর্ম বুসান’-এর অধীনে ‘বিল্ডিং অ্যান ইকোসিস্টেম: ফ্রম আইডিয়া টু অডিয়েন্স’ শীর্ষক প্যানেল আলোচনায় মূল বক্তা হিসেবে অংশ নেন ফারুকী। সেখানে তিনি চলচ্চিত্র নির্মাণের নানা মনস্তাত্ত্বিক ও কারিগরি দিক তুলে ধরেন।

ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘আমার মনে হয়, এই আলোচনার মাধ্যমে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমি একজন চলচ্চিত্র নির্মাতা! এখন আমি যখন জীবনের দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি নিচ্ছি, তখন সিনেমা সম্পর্কিত নানা ভাবনা আমার মনজুড়ে ঘুরে বেড়াচ্ছে।’

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি জানান, কেবল কারিগরি বিষয় নয়; বরং চলচ্চিত্র নির্মাণ, বিশ্বাস, ধর্ম, ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক এবং সিনেমাকে সম্ভব করে তোলা নানাবিধ বিষয় নিয়ে কথা হয়েছে। একজন নির্মাতার সঙ্গে তাঁর মনে সুপ্ত থাকা ধারণার সম্পর্ক থেকে শুরু করে অভিনয়শিল্পী, চিত্রনাট্য, শুটিংয়ের স্থান, প্রাঙ্গণ—এমনকি শুটিংয়ের লোকেশনে বয়ে যাওয়া বাতাসের সঙ্গে সম্পর্কের গল্পও সেখানে স্থান পায়। পাশাপাশি একটি চলচ্চিত্রের সঙ্গে তার দর্শকের পারস্পরিক যোগসূত্রগুলো আলোচনায় উঠে আসে।

বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’-র এশিয়া এডিটর নমন রামচন্দ্রন এই আন্তর্জাতিক সেশনটি সঞ্চালনা করেন। তাকে ধন্যবাদ জানিয়ে ফারুকী লেখেন, ‘নমন রামচন্দ্রনকে ধন্যবাদ সুন্দরভাবে আলোচনাটি পরিচালনা করার জন্য, যা আমাকে চলচ্চিত্র নিয়ে পুনরায় চিন্তা করতে ও নিজের ভাবনাগুলো প্রকাশ করতে উদ্বুদ্ধ করেছে। নিজের ভেতরের নির্মাতাকে আবারও স্পর্শ করতে পেরে এবং এশিয়ার নানা দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করতে পেরে সত্যিই ভালো লাগছে।’

স্ট্যাটাসের শেষাংশে ফারুকী জানান, এই আলাপচারিতার ওপর ভিত্তি করে লেখা একটি বিশেষ নিবন্ধ খুব শিগগিরই দৈনিক ওয়াদায় প্রকাশিত হতে যাচ্ছে। পাশাপাশি তাকে এই সম্মানজনক আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকেও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন