ক্যানসারের সঙ্গে লড়াই

ইবরার টিপুর সুস্থতায় দোয়া চাইলেন কবির বকুল

ইবরার টিপুর সুস্থতায় দোয়া চাইলেন কবির বকুল

মরণব্যাধি কিডনি ক্যানসারের সঙ্গে টানা প্রায় দুই বছর ধরে লড়াই করছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক ইবরার টিপু। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী সংগীতশিল্পী। সম্প্রতি তার ব্রেইন সার্জারিও সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় হাসপাতালে কাটানোর পর বর্তমানে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। প্রিয় সহকর্মীর এমন সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিশিষ্ট গীতিকার কবির বকুল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে কবির বকুল জানান, সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে ইবরার টিপুর সঙ্গে তার কথা হয়েছে। স্ত্রী দিনাত জাহান মুন্নীর সহযোগিতায় দীর্ঘদিন পর টিপুর সঙ্গে যোগাযোগের সুযোগ পান তিনি। এর আগে চলতি বছরের রোজার ঈদে নিউইয়র্কের বাসায় শেষবারের মতো এই সংগীত পরিচালকের সঙ্গে সরাসরি দেখা করার কথা স্মরণ করেন তিনি।

বিজ্ঞাপন

ইবরার টিপুর বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কবির বকুল। তিনি লেখেন, ‘অনেক দিন পর ইবরার টিপুর সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মেধা ও মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।’

সংবাদসূত্রে জানা যায়, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ইবরার টিপুকে বাসায় নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। টিপুর স্ত্রী বিন্দু কণা জানান, হাসপাতালে যথাযথ চিকিৎসা পাচ্ছিলেন না মনে হওয়ায় অনেকটা জোর করেই তাকে বাসায় নিয়ে আসেন তারা।

গীতিকার কবির বকুল ইবরার টিপুর সঙ্গে তার দীর্ঘদিনের কাজের স্মৃতিকথা স্মরণ করে তাকে একজন মৃদুভাষী, সদাহাস্য ও সজ্জন মানুষ হিসেবে বর্ণনা করেন। টিপুর সংগীত পরিচালনায় তৈরি বহু কালজয়ী গানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’-এর মতো অসাধারণ সৃষ্টিগুলো চিরকাল শ্রোতাদের হৃদয়ে গেঁথে থাকবে।

হঠাৎ করেই প্রিয় সহকর্মীর জীবনে আসা এই কঠিন সময় পার করার জন্য সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কবির বকুল লেখেন, ‘সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার সবার মাঝে ফিরিয়ে দেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন