প্রায় এক মাস সীমাবদ্ধ থাকার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত ২৭ অক্টোবর থেকে তার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড ছিল। নিজের দেওয়া তথ্য ও অ্যাকাউন্টের সার্বিক পর্যালোচনার পর ফেসবুক কর্তৃপক্ষ প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ইতালিতে তার ওপর হামলার ঘটনার তদন্ত অগ্রগতির একটি ‘সুখবর’ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বাঁধন। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ফিরে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি সুখবর!’
বাঁধনের শেয়ার করা তথ্য অনুযায়ী, ইতালিতে তার ওপর সংঘটিত হামলার ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ইতালীয় সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত তিনজনের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।
যারা বিভিন্ন কৌশলে তাকে ভয় দেখাতে, চুপ করিয়ে দিতে কিংবা হারিয়ে দিতে চেয়েছিলেন, তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বাঁধন। পোস্টে তিনি লেখেন, ‘আপনারা ভুল মানুষকে বেছে নিয়েছেন। আমি কী দিয়ে তৈরি, জীবনে কত কিছু পার করে এসেছি কিংবা নিজের অবস্থানে কতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি, সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। আমি সহজে ভয় পাই না। কেউ চাইলেই আমি হারিয়ে যাব না।’
ফেসবুকে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে বাঁধন আরও জানান, এই মুহূর্তে তার হাসির কারণ আরও বেড়েছে।
উল্লেখ্য, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন বাঁধন। ঘটনার ভিডিও ও বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর মধ্যেই অ্যাকাউন্ট পুনরুদ্ধারের খবর জানালেন এই অভিনেত্রী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

