স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি গাজায় চলমান হামলা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছে দলটি।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, যুক্তরাষ্ট্রের মদদে দখলদার ইসরায়েল গাজায় বর্বরতা চালাচ্ছে। তার মতে, ১৯৪৭ সালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনের ভূখণ্ডে বসিয়ে জাতিসংঘ মুসলমানদের বাস্তুচ্যুত করার পথ তৈরি করেছিল। পরবর্তীতে ইসরায়েলকে জাতিসংঘের সদস্য করা হলেও ফিলিস্তিনকে কেবল পর্যবেক্ষক হিসেবে রাখা হয়েছে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখা এবং নিহতদের জন্য দোয়া করায় একটি গোষ্ঠী এই অপচেষ্টা চালিয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশের কিছু নেতার বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে সরকারের নীরবতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হাইকমিশনারকে তলব করে জোরালো পদক্ষেপ না নিয়ে সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।
বিশেষ অতিথির বক্তব্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো দেশে নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও চালাচ্ছে, যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে রাষ্ট্র পরিচালনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের রাজনৈতিক সহযোগিতার প্রয়োজন হলে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য তা দিতে প্রস্তুত রয়েছে। এ জন্য গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া এবং সবার আগে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফিলিস্তিন সংকট কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর বিষয় নয়, বরং এটি মানবতা ও মানবাধিকারের প্রশ্ন। আন্তর্জাতিক দ্বিচারিতা বন্ধ করে সব মানুষের সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ফিলিস্তিনের ২২ লাখ মানুষের মধ্যে প্রায় ২ লাখ মানুষ চলমান যুদ্ধে পঙ্গুত্ব বরণ করেছেন। সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী অভিযোগ করেন, ভারতের বর্তমান সরকার ইসরায়েলকে গণহত্যায় সমর্থন দিচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, মজলুম জনগোষ্ঠীর পক্ষে অবস্থান নেওয়ায় দেশ-বিদেশে জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে কোনো অপপ্রচারেই দলের অগ্রযাত্রা থামবে না বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন ফিলিস্তিনের জনগণের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা, বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা, গাজায় খাদ্য-পানি ও ওষুধসহ ত্রাণসামগ্রী নির্বিঘ্নে পৌঁছানোর নিশ্চয়তা দেওয়া, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ এবং ফিলিস্তিনে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




