দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসহ বাংলাদেশ রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে উপজেলা পর্যায় থেকে ২ হাজার আনসার ও ভিডিপি সদস্যকে রেলওয়ের নিরাপত্তায় সম্পৃক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এর ফলে রেলযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত ও রেল যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে।
উপজেলা আনসার কোম্পানি, ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা এই নিরাপত্তা জনবল দেশের প্রান্তিক পর্যায়ে বিস্তৃত বাহিনীর সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততাকে জাতীয় নিরাপত্তা কার্যক্রমে কার্যকরভাবে কাজে লাগানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৮০০, ঢাকা অঞ্চলে ৬০০ ও পূর্বাঞ্চলে ৬০০ সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে সমন্বিতভাবে রেলস্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা, যাত্রীসাধারণের চলাচল ও রেলওয়ের সম্পদের নিরাপত্তায় কাজ করছেন।
এই জনবল সংযোজনের ফলে রেলওয়ের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত জনবল, নজরদারি ও তাৎক্ষণিক সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করার সুযোগ সৃষ্টি হবে।
এই বিশেষ মোতায়েনের মূল লক্ষ্য হলো রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সুরক্ষা নিশ্চিত করা, যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল বজায় রাখা ও ট্রেন চলাচলের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখা।
পাশাপাশি নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে জনসমাগমপূর্ণ স্টেশন, প্রবেশ ও বহির্গমন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়ানোর মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি ও সার্বিক জননিরাপত্তা জোরদার করা এ উদ্যোগের অন্যতম প্রত্যাশিত সুফল।
দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য জিআরপি ও আরএনবির সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি, পোশাকশিল্পের পরিস্থিতি মোকাবিলা ও মহাসড়কের নিরাপত্তায় নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য পুলিশ, বিজিবি ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন।
এ কার্যক্রম বাহিনীর বহুমাত্রিক নিরাপত্তা সক্ষমতার প্রতিফলন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



