ফ্যাসিবাদী মিডিয়াগুলো জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ও জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারীদের নতুন করে হত্যাযোগ্য করার মিশনে নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের সভাপতি ও আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ।
রোববার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আয়োজিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
এম আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে গণমাধ্যমে ফ্যাসিবাদের যে দৌরাত্ম্য ছিল, সাম্প্রতিক সময়ে তা প্রায় আগের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে। মাঝখানে কিছুদিন তারা নিষ্ক্রিয় ছিল। কিছুটা দূরে ছিল। ৫ আগস্টের আগে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যেভাবে হত্যাযোগ্য করার চেষ্টা হয়েছে, সেই জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারীদের আবারও নতুন করে হত্যাযোগ্য করার একটি প্রক্রিয়া ফ্যাসিবাদী মিডিয়াগুলো শুরু করেছে।
তিনি বলেন, গত কয়েক মাসে আপনি যদি সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলগুলো দেখেন, এমনকি মেইনস্ট্রিম মিডিয়ার যেসব সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেল ও পেজ আছে, সেখানেও তারা জুলাইয়ের শক্তিকে হত্যাযোগ্য করার এই প্রক্রিয়া শুরু করেছে। হয়তো মেইনস্ট্রিম মিডিয়ার মূল কনটেন্টগুলোতে এখনো সেভাবে সেই পর্যায়ে যাচ্ছে না, কিন্তু তাদের বাকি সব কনটেন্টে জুলাইয়ের পক্ষের শক্তিকে হত্যাযোগ্য করার নতুন মিশন নিয়ে তারা নেমেছে।
বিএজে সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে গণমাধ্যম সংস্কারের বিষয়ে দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সংস্কারকাজগুলো বাধাগ্রস্ত হয়েছে। যেসব আমলা বা সচিব জুলাইয়ের শক্তিকে সহায়তায় বাধা দিয়েছেন, তারা এখনো পদে বহাল আছেন। এই বাস্তবতায় যারা জুলাইয়ের চেতনা ধারণ করেন, তাদের আরও বেশি সক্রিয় ও সোচ্চার হওয়া প্রয়োজন।
জেজেইউ আহ্বায়ক ও ফেস দ্য পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, শহীদ জাবির ইব্রাহীমের মা সংসদ সদস্য রোকেয়া বেগম, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ডাকসু ভিপি সাদিক কায়েম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমি প্রমুখ।
গোলটেবিল বৈঠক থেকে জেজেইউ জুলাই গণহত্যায় জড়িত ও গণহত্যার বৈধতা দেওয়া সাংবাদিকদের বিচারের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে গণমাধ্যমের কাঠামোগত সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


