২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণ জানতে ১ থেকে ১০ শতাংশ পাস করা ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে হবে। কাম্য পর্যায়ে শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বোর্ড জানিয়েছে, ফল বিপর্যয়ের কারণ পর্যালোচনার জন্য নির্ধারিত দিনে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এসব নথিপত্রসহ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাসের হার প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোর কারণ লিখিতভাবে তুলে ধরতে হবে।
এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা (শূন্য পাস) ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। এবার ১ থেকে ১০ শতাংশ পাস করা আরও ২২টি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা তলব করা হলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


