আগামী পাঁচ বছরে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এটি কেবল পরিসংখ্যানগত কোনো লক্ষ্যমাত্রা নয়, বরং দেশের সামগ্রিক কর্মসংস্থান পরিস্থিতি পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা। এই লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং বাজেট বরাদ্দের মধ্যে কার্যকর সমন্বয় ঘটাতে হবে।
রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-২ সম্মেলনকক্ষে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে চারটি মানদণ্ড অনুসরণের নির্দেশ দিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে মুনাফা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত বিষয় বিবেচনা করতে হবে। সরকারি অর্থ ব্যয়ের আগে প্রতিটি প্রকল্পের অর্থনৈতিক সুফল ও কর্মসংস্থানের সুযোগ যাচাই করা জরুরি।
পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার একা সব কাজ করতে পারবে না। আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে প্রয়োজন অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করতে হবে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমীর খসরু বলেন, সরকার এখন অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পর্যায়ে রয়েছে। জ্বালানি তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য বেশি দামে আমদানি করতে হওয়ায় সরকারি কোষাগারে চাপ তৈরি হচ্ছে। এ কারণে আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি কম থাকতে পারে। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পাঁচ বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়নের চ্যালেঞ্জ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাস্তবায়নের প্রথম বছরটি অত্যন্ত কঠিন হবে এবং দ্বিতীয় ও তৃতীয় বছরেও বিভিন্ন চ্যালেঞ্জ থাকবে। তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে; তখন আর অর্থনৈতিক পুনরুদ্ধার বা স্থিতিশীলতা ফিরিয়ে আনার অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না।
এই কৌশলগত কাঠামো কোনো আকস্মিক পরিকল্পনা নয় উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। ২০১৬ সালে বিএনপির ‘ভিশন ২০৩০’ প্রণয়নের মধ্য দিয়ে এই পরিকল্পনার চিন্তাগত ভিত্তি তৈরি হয়েছিল। পরবর্তীতে ২৭ দফা এবং আন্দোলনের শরিকদের মতামতের ভিত্তিতে প্রণীত ৩১ দফার ধারাবাহিকতায় বর্তমান পাঁচ বছরের কৌশলগত কাঠামোটি তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



