সংশোধিত বাজেটে ব্যয়ের অঙ্ক বাড়ছে

সংশোধিত বাজেটে ব্যয়ের অঙ্ক বাড়ছে

যুগ যুগ ধরে চলে আসা ধারা ভেঙে এবার সংশোধিত বাজেটের আকার বাড়ছে। অতীতের প্রায় সব অর্থবছরের সংশোধিত বাজেটে মূল বাজেট ছেঁটে ছোট করা হলেও চলতি অর্থবছরে নতুন কিছু ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টরা। অর্থাৎ চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার মূল বাজেটের তুলনায় বাড়ানো হচ্ছে।

এর কারণ অনুসন্ধানে জানা গেছে, মূলত বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্বাভাবিক ভর্তুকির চাপ সরকারের বাজেটের হিসাব-নিকাশে নতুন জটিলতা তৈরি করেছে। এছাড়া নতুন বেতন কাঠামো, নতুন নতুন প্রকল্প ও নতুন কর্মসূচিতে যেমন বাড়তি ব্যয়ের খাত তৈরি হচ্ছে, তেমনি বিদেশি ঋণ পরিশোধে সরকারকে বাড়তি ব্যয় করতে হচ্ছে। ফলে সরকারের ব্যয় কাঠামোয় বড় পরিবর্তন আনতে হচ্ছে। এতে অনেকটা বাধ্য হয়েই আগের ধারা থেকে বেরিয়ে এবার সংশোধিত বাজেটের আকার বড় করতে হচ্ছে।

বিজ্ঞাপন

অর্থ বিভাগের সূত্র জানায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং সংশোধিত বাজেটের আকার নির্ধারণে আর্থিক, মুদ্রা ও বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কমিটির সভা আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় বাজেট বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত বরাদ্দের দাবি এবং সামগ্রিক আর্থিক ও মুদ্রানীতির পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সংশোধিত বাজেটের কাঠামো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানিতে অতিরিক্ত ভর্তুকির পাশাপাশি সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ব্যয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অর্থের চাহিদাও বাজেটের ওপর চাপ বাড়াচ্ছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এবং জ্বালানি পরিবহনে নতুন করে বিঘ্ন সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরো বাড়তে পারে। বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে উদ্বেগের কারণে পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠেছে। এতে এলএনজি আমদানি, বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সরবরাহে সরকারের ভর্তুকি ব্যয় আরো বাড়তে পারে।

অর্থ বিভাগের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের মূল বাজেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ভর্তুকি বাবদ ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়েই এ খাতে ১,৯৩০ কোটি টাকা ছাড় করা হয়েছে। অর্থাৎ মূল বরাদ্দের তুলনায় ইতোমধ্যে ১,৩৩০ কোটি টাকা বেশি অর্থ ছাড় করতে হয়েছে।

বিদ্যুৎ খাতেও একই ধরনের চাপ দেখা যাচ্ছে। পুরো অর্থবছরের জন্য এ খাতে ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হলেও সাড়ে পাঁচ মাসেই ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ বার্ষিক বরাদ্দের অর্ধেকেরও বেশি অর্থ ইতোমধ্যে খরচ হয়ে গেছে।

কৃষি খাতেও ভর্তুকি ব্যয় দ্রুত বাড়ছে। চলতি অর্থবছরে এ খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ব্যয় হয়েছে ১২ হাজার ৪০০ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম সাড়ে পাঁচ মাসেই এ খাতের মোট বরাদ্দের প্রায় ৭৩ শতাংশ ব্যয় হয়েছে।

জানা গেছে, নতুন সরকারের ব্যয় এক লাফে বেড়ে গেছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর কারণে, যেখানে বেতন বাড়ানো হয়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ। গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়িত হয়েছে। এর চাহিদা মেটাতে সরকারকে নতুন করে অর্থের সংস্থান করতে হতে পারে। এতে বাজেট ঘাটতি ও সরকারের ঋণগ্রহণের প্রয়োজনীয়তা বাড়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

অন্যদিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন প্রকল্প নিচ্ছে। নতুন প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। গত ৯ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৭৮টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সেগুলোর ব্যয় এক লাখ ৮৯ হাজার কোটি টাকা। নতুন প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি প্রকল্পে এক লাখ ৩৫ হাজার কোটি টাকা খরচ হবে। প্রকল্পগুলো হলো—মেট্রোরেল লাইন-৫ (গাবতলী থেকে দাসেরকান্দি), ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা; পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, ব্যয় ৪১ হাজার ৯০ কোটি টাকা; পদ্মা ব্যারাজ প্রকল্প, ব্যয় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা; উপজেলা-ইউনিয়নে দীর্ঘ সেতু নির্মাণ, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা; সিলেট-সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ব্যয় ৫,১০৬ কোটি টাকা।

বর্তমান রাজনৈতিক সরকারের প্রথম বাজেট হওয়ায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ছাড়ের চাহিদাও বেশি। ফলে এবার বাজেটের আকার কমানোর সুযোগ নেই বললেই চলে। বরং কোনো কোনো মন্ত্রণালয় অতিরিক্ত বরাদ্দ চাইতে পারে।

পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদের। তিনি আমার দেশকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারকে কৌশলগত ও কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। একদিকে অল্প সময়ের মধ্যে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই, অন্যদিকে বিভিন্ন খাতে ব্যয় ও অতিরিক্ত বরাদ্দের চাপ বাড়ছে। তাই অপ্রয়োজনীয় এবং সময়-সংবেদনশীল নয়—এমন খাতে ব্যয় কমাতে হবে।

তিনি বলেন, জ্বালানি খাতে ব্যয় কমানোর সুযোগ কম। কারণ ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন এবং পণ্য ও মানুষের চলাচল সরাসরি জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল। এ খাতে অতিরিক্ত সংকোচন অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০২৫-২৬ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা সামান্য কমিয়ে সাত লাখ ৮৮ হাজার কোটি টাকা করা হয়। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেট ছিল সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা কমিয়ে সাত লাখ ৪৪ হাজার কোটি টাকায় নামানো হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল সাত লাখ ৬১ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা কমিয়ে সাত লাখ ১৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ছিল ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ছয় লাখ ৬০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০২১-২২ অর্থবছরে বাজেটের আকার ছিল ছয় লাখ তিন হাজার কোটি টাকা, সংশোধিত বাজেটে তা কমিয়ে পাঁচ লাখ ৯৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...