বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি বাড়লেও সে তুলনায় রপ্তানি বাড়ছে না। এতে বৈদেশিক বাণিজ্যে ক্রমেই ঘাটতি বাড়ছে। মূলত এশীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। লাফিয়ে বাড়া ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও প্রভাব ফেলছে। সব মিলিয়ে ঘাটতি বাণিজ্য অর্থনীতির ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইইউভুক্ত দেশগুলোতে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য বেশি রপ্তানি হওয়ায় ইতিবাচক অবস্থানে রয়েছে বাংলাদেশ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতির বড় অংশই তৈরি হয়েছে চীন ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে। এর ওপর ভর করে সদ্যসমাপ্ত অর্থবছরে দেশের নিট ঘাটতি (উদ্বৃত্ত ও ঘাটতির পার্থক্য) দাঁড়িয়েছে ১৭.৭৮ বিলিয়ন ডলারে। বিদায়ী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের আমদানি ব্যয় ছিল ৬৬.১৬ বিলিয়ন ডলার। একই সময়ে রপ্তানি আয় ছিল ৪৮.৩৮ বিলিয়ন ডলার।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৫.৮৭ ও ৪৮.৩০ বিলিয়ন ডলারের। সে হিসাবে চলতি বছরে বাণিজ্য ঘাটতি ২১ কোটি ডলার বা ১.২০ শতাংশ বেড়েছে।
এদিকে গত ১৫ নভেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৪.১৭ বিলিয়ন মার্কিন ডলার। ওই সময়ে বাংলাদেশ ৫৫.১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি করে ৭৯.৩৬ বিলিয়ন ডলারের পণ্য।
একই অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করে। মন্ত্রী জানান, সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য ব্যবধান সবচেয়ে বেশি। ঘাটতির পরিমাণ ছিল ৭.৮৬ বিলিয়ন ডলার।
বেশি ঘাটতি চীনের সঙ্গে
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বৃহত্তম অংশীদার চীন। একই সঙ্গে দেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘাটতিও এই চীনের সঙ্গে। পরিসংখ্যান অনুযায়ী সবশেষ অর্থবছরে চীন থেকে বাংলাদেশ ১৮.৯২ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে মাত্র ৮৭ কোটি ডলার। এতে একক দেশ হিসেবে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৮.০৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ১৭.৫০ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৩.১৫ শতাংশ বেশি।
মূলত তৈরি পোশাক ও অন্যান্য শিল্পের কাঁচামাল, মধ্যবর্তী (নতুন পণ্য তৈরির উপকরণ সেমিফিনিশড) পণ্য এবং মূলধনি যন্ত্রপাতির জন্য চীনের ওপর অতিনির্ভরশীলতাই এই বিশাল ঘাটতির প্রধান কারণ।
দ্বিতীয় অবস্থানে ভারত, কমেছে আমদানি ও ঘাটতি
দশকের পর দশক ধরে বাংলাদেশের ঘাটতি বাণিজ্যে শীর্ষে ছিল ভারত। দেশটি আনুষ্ঠানিক বাণিজ্যের চেয়ে অনানুষ্ঠানিক বাণিজ্যে বড় জায়গা দখল করে রাখলেও গত দুবছরে সে অবস্থায় পরিবর্তন ঘটেছে। ফলে বাণিজ্য ঘাটতির তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭.৭৯ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৬.৬৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় ১.১০ বিলিয়ন ডলার বা ১৪.১৬ শতাংশ।
তবে দেশে ভারত থেকে স্থলপথে অনানুষ্ঠানিকভাবে যেসব পণ্য রপ্তানি হয়, তা সরকারি হিসাবে ওঠে না।
অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে এই বাণিজ্য ঘাটতি কমার পেছনে রপ্তানি প্রবৃদ্ধির চেয়ে সে দেশ থেকে আমদানি কমে যাওয়াই ছিল মূল কারণ। বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন, ভিসা ও যাতায়াত সীমিত হয়ে পড়া, স্থলবন্দরগুলোতে কড়াকড়ি এবং ভারতের পক্ষ থেকে কিছু পণ্যের রপ্তানি ও ট্রান্সশিপমেন্টসংক্রান্ত বিধিনিষেধ এবং অর্থনৈতিক পদক্ষেপের প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। এতে ব্যবসায়ীরা বিকল্প উৎস হিসেবে চীন ও অন্যান্য দেশের দিকে ঝুঁকেছেন, যা ভারতের সঙ্গে আমদানি ব্যয় ও বাণিজ্য ঘাটতি কমিয়ে দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা গেছে, চীন ও ভারতের সঙ্গে সম্মিলিত বাণিজ্য ঘাটতি বাকি দেশগুলোর সঙ্গে থাকা মোট ঘাটতির প্রায় দেড়গুণ। এছাড়া একক দেশ হিসেবে কেবল চীনের সঙ্গেই ঘাটতি ১৮.০৫ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের সঙ্গে ঘাটতি ৬.৬৯ বিলিয়ন ডলার। সে হিসাবে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোট ঘাটতির বাকি দেশগুলোর তিন ভাগের এক ভাগ।
পরিসংখ্যান অনুযায়ী, সবশেষ অর্থবছরে ভারত ছাড়াও কাতার ও সৌদি আরবের সঙ্গে ঘাটতি কমেছে। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বড় অঙ্কের বাণিজ্য উদ্বৃত্ত থাকায় তা এশিয়ার দেশগুলোর বিশাল ঘাটতিকে অনেকটা সমন্বয় করেছে। ফলে চীন ও ভারতের সম্মিলিত ঘাটতি দেশের নিট সামগ্রিক ঘাটতির চেয়েও বেশি, অর্থাৎ ১০০ শতাংশের উপরে দেখাচ্ছে।
ঘাটতির শীর্ষ ১০ দেশের তালিকায় যারা
চীন ও ভারতের পর বাণিজ্য ঘাটতির শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, যেখানে ঘাটতি ৩.৮৯ বিলিয়ন ডলার, সিঙ্গাপুর ৩.০৯ বিলিয়ন ডলার, ব্রাজিল ২.৭২ বিলিয়ন ডলার, মালয়েশিয়া ২.০১ বিলিয়ন ডলার, কাতার ১.৬০ বিলিয়ন ডলার, সৌদি আরব ১.১৭ বিলিয়ন ডলার, আর্জেন্টিনা ৯৫ লাখ ৫৩ হাজার ডলার এবং দক্ষিণ কোরিয়া ৯৩ লাখ ৩৯ হাজার ডলার।
ভোজ্যতেল, কয়লা, চিনি, তুলা ও জ্বালানি তেল আমদানির কারণে এসব দেশের সঙ্গে ঘাটতির পাল্লা ভারী হয়েছে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। মূলত মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি ব্যয় কমে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কাতার ও সৌদি আরবের সঙ্গে ঘাটতি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বড় ঘাটতি থাকলেও উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শক্তিশালী বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। বিশেষ করে একক দেশ হিসেবে বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়ে ৯.১১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশটি থেকে আমদানির পরিমাণ ৩.৫৯ বিলিয়ন ডলার। সে হিসাবে উদ্বৃত্ত ৫.৫২ বিলিয়ন ডলারের, যা একক কোনো দেশের সঙ্গে সবচেয় বেশি উদ্বৃত্ত।
এছাড়া জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য উদ্বৃত্ত দেশের সামগ্রিক বাণিজ্য ভারসাম্য রক্ষা করছে। কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও স্পেনÑএই চার পশ্চিমা দেশ থেকে সম্মিলিতভাবে ১৬.৯৮ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে বাংলাদেশ, যা চীন ও ভারতের সঙ্গে থাকা বিশাল ঘাটতি কমাতে বড় ভূমিকা রেখেছে।
ঘাটতি কমাতে বাণিজ্য কূটনীতিতে জোর অর্থনীতিবিদদের
দেশের বিশাল বাণিজ্য ঘাটতির কারণ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা আমার দেশকে বলেন, আমদানি সবসময় নেতিবাচক হবেÑএমনটা ভাবা ঠিক নয়। কারণ, আমদানির মাধ্যমে অনেক সময় শিল্পায়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি কেনা হয়। আমাদের রপ্তানিও অনেকাংশে আমদানিনির্ভর। ফলে সামগ্রিক রপ্তানি কার্যক্রমও বিভিন্নভাবে আমদানি দ্বারা প্রভাবিত হয়।
তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের মূল সমস্যা হলো বহুমুখীকরণের অভাব। তৈরি পোশাকশিল্পের বাইরে উল্লেখযোগ্য কোনো নতুন রপ্তানি খাত তৈরির বিকল্প নেই। সে কারণে রপ্তানি গন্তব্য ও পণ্যের মধ্যেও বৈচিত্র্য আনতে হবে।
ঘাটতি কমিয়ে আনতে অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদারেও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, যেসব দেশের সঙ্গে বড় ধরনের ঘাটতি আছে, তাদের কাছ থেকে কৌশলগতভাবে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা নিশ্চিত করতে আলোচনা জরুরি। বিশেষ করে চীনের দেওয়া শতভাগ শুল্কমুক্ত সুবিধার পূর্ণ ব্যবহার এবং অশুল্ক বাধা দূর করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি। একই সঙ্গে যৌথ বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনের জন্য দেশগুলোকে আহ্বান জানানো যেতে পারে। এর ফলে দেশগুলো থেকে সরাসরি পণ্য আমদানির চাপ কমবে এবং দেশের নাগরিকদের কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়বে।
গবেষণা প্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অত্যাবশ্যকীয় পণ্য আমাদের আমদানি করতেই হবে। তবে এমন কোনো উৎস থেকে যদি আমদানি করি, যেখান থেকে বেশি দামে কিনতে হচ্ছে অথচ অন্য কোনো উৎস থেকে প্রতিযোগিতামূলক দামে আনার সুযোগ ছিল, তাহলে সেটি ঠিক হবে না। আবার আমদানিতে অতিরিক্ত মূল্য দেখানোর মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হলেও খরচ বাড়ে কিন্তু সে ব্যয়ের বিপরীতে রিটার্ন পাওয়া যায়নি। দীর্ঘমেয়াদে এসব বিষয় অর্থনীতির জন্য ভালো নয়। এর ফলে আমাদের দায় বাড়ে, যা একসময় বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


