মৌসুমে প্রথমবার বার্নাব্যুতে হারল রিয়াল

মৌসুমে প্রথমবার বার্নাব্যুতে হারল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে চলতি মৌসুমে অজেয় থাকার রেকর্ড আর ধরে রাখতে পারল না রিয়াল মাদ্রিদ। রক্ষণভাগের ভুল, শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল এবং জুড বেলিংহামের লাল কার্ড—সব মিলিয়ে দুঃস্বপ্নের এক রাত কাটিয়েছে স্বাগতিকেরা। দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরে থেমেছে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের ধারাও।

বিজ্ঞাপন

রিয়ালের হারের পেছনে বড় দায় ডিন হুয়সেনের। ২২ মিনিটে টনি মার্তিনেসের লম্বা পাস সামলাতে গিয়ে বিপদ ডেকে আনেন এই ডিফেন্ডার। গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ব্যাকপাস দিতে গিয়ে বলের গতি কমিয়ে ফেলেন তিনি। সুযোগ বুঝে বলের নিয়ন্ত্রণ নিয়ে আলাভেসকে এগিয়ে দেন টনি মার্তিনেস।

দ্বিতীয়ার্ধেও রিয়ালের রক্ষণে সেই দুর্বলতারই পুনরাবৃত্তি। ৬১ মিনিটে সাবেক রিয়াল ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজের পাস পেয়ে হুয়সেনকে পেছনে ফেলেন আনহেল পেরেজ। এরপর কোর্তোয়াকে কাটিয়ে বল জালে পাঠিয়ে আলাভেসের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝড় তোলে রিয়াল। ৬৯ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় স্বাগতিকেরা। কিন্তু সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। শেষ দিকে কার্লোস এসপির হেড পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরার শেষ আশাটুকুও ধাক্কা খায়।

ম্যাচের শেষ মুহূর্তে বিতর্কিত এক ঘটনায় আরও বিপাকে পড়ে রিয়াল। পেনাল্টির দাবিতে বক্সে পড়ে যান বেলিংহাম। রেফারি প্রথমে স্পটকিকের সিদ্ধান্ত দিলেও ভিএআর দেখে তা বাতিল করেন। উল্টো ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইংলিশ মিডফিল্ডারকে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি তাদের।

এই পরাজয়ের প্রভাব পড়েছে লা লিগার পয়েন্ট তালিকাতেও। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল। ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, তারা একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে বার্নাব্যুতে জয় তুলে নিয়ে ১৯ পয়েন্টে আট নম্বরে উঠে এসেছে আলাভেস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন