বোলারের হাত থেকে বল বেরিয়ে আসার পর একজন ব্যাটসম্যানকে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই ঠিক করতে হয়, কোন পথে, কোন কৌশলে, কীভাবে বলটিকে সামলাবেন। সামান্য ভুল সিদ্ধান্তের পরিণতি হতে পারে বোল্ড, ক্যাচ কিংবা এলবিডব্লিউ। ক্রিকেটে যেমন, জীবনেও তেমনি। কখন থামতে হবে, সেটিও বড় এক সিদ্ধান্ত। মুশফিকুর রহিম এবার সেই সিদ্ধান্তটাই নিলেন নিখুঁত সময়ে। বয়স, ফর্ম আর দলের প্রয়োজনে তার কার্যকারিতা নিয়ে প্রশ্নটা ধীরে ধীরে জোরালো হচ্ছিল। চারপাশ থেকে ভেসে আসছিল সেই চেনা জিজ্ঞাসা, আর কত দিন? প্রশ্নটা আরো বড় হয়ে ওঠার আগেই নিজের ব্যাটটা তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুশফিক। দীর্ঘ পথচলার শেষে টেস্ট ক্রিকেটকে জানালেন কৃতজ্ঞতা। যেন বুকের গভীর থেকে উচ্চারিত হলো, ‘ধন্যবাদ টেস্ট ক্রিকেট। তোমাকে ধন্যবাদ।’
বয়স ৪০ ছুঁইছুঁই। তবু এই সিদ্ধান্তের গায়ে ক্লান্তির ছাপ নেই। আছে এক দীর্ঘ, গর্বের পথচলার পরিপূর্ণতা। যে পথ শুরু হয়েছিল এক কিশোরের হাত ধরে, সেই পথ শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্বস্ত নামগুলোর একটি হয়ে। এ যেন বাংলাদেশ ক্রিকেটের একটি যুগের সমাপ্তির ঘোষণা। কিন্তু সেই সমাপ্তিতেও আছে উদযাপনের উপলক্ষ।
২০০৫ সাল। ক্রিকেটের সূতিকাগার গ্রাউন্ড লর্ডস। প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে নামছে ১৭ বছরের এক ছেলে। তখন কেউ ভাবেনি, এই ছেলেই পরের দুই দশক দেশের টেস্ট দলের মেরুদণ্ড হয়ে থাকবে। ব্যাট হাতে, গ্লাভস হাতে, কখনো আবার অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে। সেদিন যে যাত্রা শুরু হলো, তা থামবে আরো ২২ বছর পর।
এরপরের বছরগুলো কেটেছে শেখার মধ্য দিয়ে। প্রতিটি সফর, প্রতিটি সিরিজ ছিল নতুন পাঠ। দেশ-বিদেশের কঠিন কন্ডিশনে লড়াই করতে করতে কিশোর মুশফিক ধীরে ধীরে হয়ে উঠলেন পরিণত এক টেস্ট ব্যাটার। বাংলাদেশ তখনো টেস্ট ক্রিকেটে নিজের জায়গা খুঁজছে। সেই খোঁজার পথে মুশফিক ছিলেন অন্যতম সঙ্গী।
পরিসংখ্যান দিয়ে শুরু করলে তালিকা লম্বা হয়ে যায়। প্রথম বাংলাদেশি হিসেবে একশর বেশি টেস্ট খেলেছেন। টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি রান তার। দেশের প্রথম ডাবল সেঞ্চুরির কৃতিত্বও তার। এই তিনটি বাক্যই একজন ক্রিকেটারকে কিংবদন্তি বানানোর জন্য যথেষ্ট। কিন্তু মুশফিকের গল্প এখানে থামে না।
ডাবল সেঞ্চুরির সেই ইনিংস শুধু একটি সংখ্যা ছিল না। ছিল একটি দেশের স্বপ্নের প্রমাণ। বাংলাদেশের কোনো ব্যাটার টেস্টে ২০০ রান করতে পারেন, এই বিশ্বাস জন্ম নিয়েছিল গলের মাঠে ২০১৩ সালে। পরের প্রজন্ম সেই ইনিংস দেখে বড় স্বপ্ন দেখতে শিখেছে।
টেস্ট ক্রিকেটে টিকে থাকা সহজ কাজ নয়। বছরের পর বছর রান করতে হয়। দল ধসে পড়লে একপাশ আগলে দাঁড়াতে হয়। উইকেটের পেছনে ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ ধরে রাখতে হয়। মুশফিক এই কাজটা করেছেন দিনের পর দিন। কোনো জাঁকজমক ছাড়া, নিঃশব্দে। তার ব্যাটিংয়ে ছিল জেদ, ছিল ধৈর্য, ছিল হার না মানার এক অদ্ভুত শক্তি। বাংলাদেশের অনেক কঠিন সকালে তিনিই ছিলেন ভরসার নাম।
সবার আগে অনুশীলনে আসা। সবচেয়ে বেশি সময় ধরে অনুশীলন করা। সবচেয়ে বেশি পরিশ্রম করা। এমন পরিশ্রমের ফসলই হলেন আজকের মুশফিকুর রহিম।
খেলোয়াড়দের ক্যারিয়ার কখনো সরল রেখায় চলে না। মুশফিকও ব্যতিক্রম ছিলেন না। ফর্মের ওঠানামা ছিল। সমালোচনার ঝড় ছিল। অধিনায়কত্বের চাপ ছিল। কখনো মনে হয়েছে, এবার বুঝি শেষ। কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন। আরো শক্ত হয়ে, আরো পরিণত হয়ে। সমালোচনার জবাব দিয়েছেন মুখে নয়, ব্যাটে।
এই ফিরে আসাটাই মুশফিককে আলাদা করে। পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা সবার থাকে না। যাদের থাকে, তারাই দীর্ঘ পথ হাঁটতে পারেন। মুশফিক হেঁটেছেন প্রায় দুই যুগ। নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন। তরুণদের সামনে হয়ে উঠেছেন উদাহরণ, যেখানে প্রতিভার সঙ্গে সমান জায়গা পায় পরিশ্রম আর নিষ্ঠা।
অধিনায়ক হিসেবে দলকে এগিয়ে নিতে চেয়েছেন। সাফল্য পেয়েছেন, ব্যর্থতাও দেখেছেন। কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কখনো কমেনি। ড্রেসিংরুমে তিনি ছিলেন বড় ভাইয়ের মতো। নতুনদের পাশে দাঁড়ানো, কঠিন সময়ে সাহস জোগানো, মাঠের ভেতর-বাইরে একই রকম পেশাদার থাকা, এসবই তাকে দিয়েছে বাড়তি সম্মান।
এবার বিদায়ের পালা। আগামী বছরের ফেব্রুয়ারি। ভেন্যু মিরপুর হোম অব ক্রিকেট। প্রতিপক্ষ সেই ইংল্যান্ড, যাদের বিপক্ষে শুরু হয়েছিল সবকিছু। লর্ডসে শুরু ২০০৫ সালে, শেষ হবে ২০২৭ সালে মিরপুরে। এমন নিখুঁত বৃত্ত খুব কম ক্রিকেটারের ভাগ্যে জোটে। নিজের মাঠে, নিজের দর্শকের সামনে, নিজের শর্তে বিদায়। একজন কিংবদন্তির জন্য এর চেয়ে সুন্দর সমাপ্তি আর কী হতে পারে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট আজ যে জায়গায় দাঁড়িয়ে, তার পেছনে মুশফিকের মতো মানুষদের ঘাম আছে। যখন জয় ছিল বিরল, তখনো তিনি লড়েছেন। যখন প্রত্যাশার চাপ বেড়েছে, তখনো তিনি পিছু হটেননি। একটা দেশের ক্রিকেট বড় হয় এমন কিছু মানুষের হাত ধরেই, যারা নিজের আগে দলের কথা ভাবেন। মুশফিক ঠিক তেমনই একজন।
সেদিন মিরপুরের গ্যালারিতে হয়তো গর্জন থাকবে, হয়তো থাকবে চোখের জল। দুটোই মানানসই। কারণ যে মানুষটি ২২ বছর ধরে নিজের সবটুকু দিয়ে গেছেন, তাকে বিদায় জানানো যায় শুধু ভালোবাসা দিয়েই। আর মাঠ ছাড়ার সময় তিনি রেখে যাবেন এমন এক উত্তরাধিকার, যা ভবিষ্যৎ প্রজন্মের পথ দেখাবে।
ধন্যবাদ মুশফিক। প্রতিটি রানের জন্য, প্রতিটি লড়াইয়ের জন্য, প্রতিবার ফিরে আসার জন্য। আপনি বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড। স্যালুট!
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


