মাছ, হাঁস ও মুরগির দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের নামে খামারে নির্বিচারে ব্যবহার করা হচ্ছে অ্যান্টিবায়োটিক। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই খাবারের সঙ্গে কিংবা সরাসরি পানিতে মিশিয়ে দেওয়া হচ্ছে এসব ওষুধ। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের নির্দেশনায় চলছে এই প্রয়োগ। এতে প্রাণী ও মাছের শরীরে তৈরি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)। খাদ্য ও পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। ফলে একদিকে অকার্যকর হয়ে পড়তে পারে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, অন্যদিকে দূষিত হচ্ছে জলাশয় ও পরিবেশ।
বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাণী বা মাছকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তার মাংস, ডিম বা দুধ বাজারজাত করা উচিত নয়। ওষুধের ধরন অনুযায়ী নির্ধারিত এ সময়কে বলা হয় ‘উইথড্রয়াল পিরিয়ড’ বা প্রত্যাহারকাল। এ সময়ে ওষুধের অবশিষ্টাংশ শরীর থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে নিরাপদ মাত্রায় নেমে আসে। কিন্তু অনেক খামারি এ নিয়ম মানছেন না। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরপরই বাজারে বিক্রি করছেন মাছ ও মুরগি।
এভাবে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ খাদ্যে প্রবেশ এবং প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে তৈরি হওয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বা ‘সুপারবাগ’ ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।
ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন ও বিভিন্ন ধরনের সালফোনামাইড ব্যবহার হচ্ছে। এসব ওষুধের কয়েকটি মানবচিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে কলিস্টিন অন্যান্য অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেলে গুরুতর সংক্রমণের চিকিৎসায় শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এ ধরনের ওষুধের অযৌক্তিক ব্যবহার ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই। খামারিদের ইচ্ছামতো প্রয়োগ
নওগাঁর বদলগাছী উপজেলার মাছচাষি হারুন মিয়া ছয় বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ
করছেন। মাছের কোনো রোগ দেখা দিলে স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেই পুকুরের পানিতে প্রয়োগ করেন।
তিনি মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই এসব ওষুধ ব্যবহার করেন। একই এলাকার মাছচাষি আনিস উদ্দিন, রায়হান মণ্ডল ও হোসেন আলীও একই ভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন বলে জানান তিনি। এ বিষয়ে তাদের তেমন কোনো ধারণা নেই। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শেই এসব ওষুধ ব্যবহার করেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, হাঁস-মুরগি ও মাছকে রোগবালাই থেকে রক্ষা এবং দ্রুত বৃদ্ধির আশায় বেশিরভাগ খামারি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন। নিজেদের অজ্ঞতার পাশাপাশি বড় ওষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় ফিড ব্যবসায়ীদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে তারা উচ্চমাত্রার এই অ্যান্টিবায়োটিক পুকুর বা ঘেরে প্রয়োগ করছেন।
সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলনবিল। ধান কাটার পর প্রাকৃতিক খাবারের সন্ধানে হাঁস নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ান খামারিরা।
নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা গ্রামের হাঁস খামারি আহসান হাবিব গত ১২ নভেম্বর ১,০০০ হাঁস নিয়ে নাটোর যান। মোবাইলে তিনি এই প্রতিবেদককে জানান, শীত শুরুর আগেই হাঁসকে রোগ থেকে রক্ষা করতে খাবারের সঙ্গে বিভিন্ন ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ঠান্ডা, সর্দি ও কাশির জন্য এনরোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন ও সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করেন তারা।
প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শে এসব ওষুধ দেওয়া হয় কি নাÑজানতে চাইলে আহসান হাবিব বলেন, তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। তাই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই নিজেরা এসব ওষুধ প্রয়োগ করেন।
গবেষণায় উদ্বেগজনক চিত্র
২০২২ সালে বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ানে প্রকাশিত বাংলাদেশের বাণিজ্যিক মুরগির খামারবিষয়ক এক গবেষণায় দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ খামারে উৎপাদনচক্রে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হয়েছে। প্রায় ৮৫ শতাংশ খামারি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে এসব ওষুধ প্রয়োগ করেছেন। অর্থাৎ রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রয়েছে।
গবেষণা অনুযায়ী, ব্রয়লার খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার গড়ে ৭৮ শতাংশ। সোনালি মুরগির খামারে এই হার ৬৭ শতাংশ এবং লেয়ার খামারে ৪১ শতাংশ।
২০২৬ সালে প্রকাশিত বাংলাদেশের পোলট্রি ও ডেইরি খামারে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারবিষয়ক আরেক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার ও লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের বড় অংশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের শ্রেণিভুক্ত।
বিশেষ করে লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের ৮৪ থেকে ৯৪ শতাংশকে ডব্লিউএইচওর ‘ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট’ বা ‘হায়েস্ট প্রায়োরিটি ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট’ শ্রেণির অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও এটি সীমিতসংখ্যক খামারের ওপর পরিচালিত গবেষণা, তথাপি এর ফলাফল জনস্বাস্থ্য সুরক্ষায় আরো কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা নির্দেশ করে।
বদলগাছী উপজেলার স্থানীয় অ্যান্টিবায়োটিক বিক্রেতা মোকাররম বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের কাছে অ্যান্টিবায়োটিক সরবরাহ করেন। চাষিরা চাইলে সেগুলো বিক্রি করা হয়। কোম্পানির প্রতিনিধিরা যেভাবে প্রয়োগ করতে বলেন, চাষিদেরও সেভাবে ব্যবহারের পরামর্শ দেন তারা। এসব ওষুধের মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলোনস, ম্যাক্রোলাইডস, অ্যামিনোগ্লাইকোসাইডস, পেনিসিলিন ও পলিমিক্সিন।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) যৌথ গবেষণায় ব্রয়লার, সোনালি ও লেয়ার খামারে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের চিত্র উঠে এসেছে। গবেষণায় মুরগির শরীর থেকে সংগৃহীত সালমোনেলা ব্যাকটেরিয়ায় উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা শনাক্ত হয়েছে। এর মানে হলো, যথেচ্ছ ব্যবহারের কারণে ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয়ে উঠেছে এবং সাধারণ অ্যান্টিবায়োটিকে আর মরছে না।
মাছ চাষেও একই প্রবণতা দেখা গেছে। এক গবেষণায় দেখা যায়, ৭৭ শতাংশ মাছচাষি তাদের পুকুর বা ঘেরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন। রোগ সারানোর পাশাপাশি রোগ প্রতিরোধের উদ্দেশ্যেও তারা এসব ওষুধ ব্যবহার করেন।
গবেষকরা ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের ৬৭২টি মাছের খামার থেকে নমুনা সংগ্রহ করেন। গবেষণায় পাঙাশ, তেলাপিয়া, গলদা ও বাগদা চিংড়ি, কার্প, টেংরা, রুই, কাতলা, মৃগেল, পাবদা, শিং, মাগুর ও কই মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য পাওয়া যায়।
এসব খামারের মাছে প্রয়োগ করা অ্যান্টিবায়োটিকগুলো হলো অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, ফ্লরফেনিকল, টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলোনস, ম্যাক্রোলাইডস, পেনিসিলিন-জি, অ্যামিনোগ্লাইকোসাইডস, সিপ্রোফ্লক্সাসিন, অ্যাসিকসিন ও অ্যামোক্সিসিলিন। এসব অ্যান্টিবায়োটিক পরিমিত মাত্রার বেশি ব্যবহার করা মাছের জন্য খুবই ক্ষতিকারক। এসব মাছ খেলে মানুষের শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে।
নীতিমালা ও নজরদারির ঘাটতি
নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী আমার দেশকে বলেন, ডিলারদের তৈরি করা চার্ট অনুসরণ করে অনেক পোলট্রি খামারি ও মাছচাষি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। রোগ প্রতিরোধের বিকল্প ব্যবস্থায় গুরুত্ব না দিয়ে তারা অবাধে এসব ওষুধ ব্যবহার করছেন।
তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রিত হলেও বাংলাদেশে এখনো যত্রতত্র এসব ওষুধ বিক্রি হচ্ছে। খামারিদের সচেতন করতে সরকারি প্রশিক্ষণ কার্যক্রম অনেকটাই প্রকল্পনির্ভর। প্রকল্প বন্ধ হলে কার্যক্রমও বন্ধ হয়ে যায়। তবে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করা হয়।
ফিড ডিলাররা খামারিদের সরলতার সুযোগ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেন উল্লেখ করে তিনি বলেন, তাদের এ ধরনের পরামর্শ দেওয়ার কোনো এখতিয়ার নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদ আমার দেশকে বলেন, মাছের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মাছের শরীর ও পানিতে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগে এসব উপকারী ব্যাকটেরিয়া মারা যায়। অন্যদিকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে।
তিনি বলেন, প্রতিরোধী জীবাণু মানুষ, প্রাণী ও পরিবেশÑযেকোনো জায়গা থেকেই ছড়াতে পারে। খাদ্যশৃঙ্খল ও পরিবেশের মাধ্যমে এসব জীবাণু মানুষের মধ্যেও পৌঁছাতে পারে। ফলে সংক্রমণের চিকিৎসায় প্রচলিত অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।
শাওন আহম্মেদ আরো বলেন, খামারিদের ওষুধের ব্যবহার সম্পর্কে জ্ঞান, মনোভাব ও অনুশীলন (কেএএপি) উন্নয়নে প্রশিক্ষণ জরুরি। প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় খামারি, গবেষক, ভেটেরিনারিয়ান, মৎস্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ভোক্তাÑসবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, খামারে অযৌক্তিকভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে হাসপাতালের একজন রোগীর চিকিৎসাকেও কঠিন করে তুলতে পারে। তাই অধিক উৎপাদনের চেয়ে নিরাপদ উৎপাদন, নির্বিচার ব্যবহারের পরিবর্তে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক প্রয়োগ এবং সাময়িক মুনাফার চেয়ে জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন






