তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) বড় সাফল্যের পরও দ্বীপটির সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক, দুই ভূখণ্ডের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের অগ্রগতির ধারা বদলানো যাবে না। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তি এবং বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।
রোববার চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর এক বিবৃতিতে নির্বাচনের ফলাফল নিয়ে এ অবস্থান জানায়।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনের ফলাফল তারা লক্ষ করেছে। তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে শান্তি, উন্নয়ন এবং তাইওয়ান প্রণালির দুই পারের সহযোগিতার পক্ষে মতামত রয়েছে বলে তারা বিশ্বাস করে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘দ্বীপটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, তাইওয়ান প্রণালির দুই পারের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের অগ্রগতির দিক ও ধারা পরিবর্তন করতে পারবে না।’
চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর জানায়, তারা তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করা এবং জাতীয় পুনরেকত্রীকরণের লক্ষ্য এগিয়ে নেওয়া অব্যাহত রাখবে।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টিও নাকচ করেনি বেইজিং। তবে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে।
চীনের এ বক্তব্যের জবাবে তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ বেইজিংকে নির্বাচনের ফলাফল বাস্তবসম্মতভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্বীপটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সংলাপে বসতে বলেছে তারা।
গতকাল শনিবার তাইওয়ানের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির ২২টি শহর ও কাউন্টির মেয়র এবং প্রধান নির্বাহী পদে নির্বাচনে ক্ষমতাসীন ডিপিপি ১০টিতে জয় পেয়েছে। ২০২২ সালের স্থানীয় নির্বাচনের তুলনায় দলটির আসন দ্বিগুণ হয়েছে। গত এক দশকের মধ্যে এটিই দলটির সেরা নির্বাচনি ফলাফল।
নির্বাচনে দলটির উল্লেখযোগ্য সাফল্যের একটি ছিল তাইওয়ানের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর তাইচুং। সেখানে ডিপিপির আইনপ্রণেতা হো সিন-চুন বিরোধী দল কুওমিনতাঙের (কেএমটি) জনি চিয়াংকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে আট বছর পর শহরটির নিয়ন্ত্রণ ফিরে পায় ডিপিপি।
তবে রাজধানী তাইপের নিয়ন্ত্রণ ধরে রেখেছে কেএমটি। সেখানে বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন ডিপিপির আইনপ্রণেতা পুমা শেনকে পরাজিত করেন। বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের অভিযোগে চীনের পুলিশের খোঁজের তালিকায় রয়েছেন পুমা শেন।
নির্বাচনে চীনের সঙ্গে সম্পর্কের চেয়ে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় বেশি গুরুত্ব পেয়েছে। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় দলগুলোর জনসমর্থন সম্পর্কে এ ফলাফল কিছুটা ধারণা দিতে পারে। যদিও অতীতের নির্বাচনগুলোতে দেখা গেছে, স্থানীয় নির্বাচনের ফলাফল অনেক সময় জাতীয় নির্বাচনের ফলাফলের বিপরীত হয়েছে।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত দ্বীপটির আশপাশে চীনের ৩৩টি সামরিক উড়োজাহাজ, আটটি নৌবাহিনীর জাহাজ এবং চারটি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে।
এর আগে শুক্রবারও দ্বীপটির আশপাশে চীনা সামরিক উড়োজাহাজের তৎপরতা বেড়ে যাওয়ার কথা জানিয়েছিল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ তৎপরতাকে ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ হিসেবে বর্ণনা করেছিল তারা।
সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীন। একই সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তের সঙ্গে সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে বেইজিং। চীনের বিবেচনায় তিনি একজন বিচ্ছিন্নতাবাদী।
ডিপিপিরও চেয়ারম্যান লাই চিং-তে বলে আসছেন, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু দ্বীপটির জনগণেরই রয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

