বিশ্বের অন্যতম দরিদ্র ও অত্যন্ত গোপনীয়তায় ঘেরা দেশ উত্তর কোরিয়া, যেখানে বেশির ভাগ মানুষের বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনকি হাতেগোনা যে অল্প কিছু মানুষের কাছে ফোন বা কম্পিউটার রয়েছে, তারাও কেবল সেন্সর করা একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক (ইন্ট্রানেট) ব্যবহারের সুযোগ পান; সেখানে বিদেশি টিভি অনুষ্ঠান বা সিনেমা দেখা একটি অপরাধ।
তাহলে উত্তর কোরিয়া কীভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যাকিং শক্তিতে পরিণত হলো?
এক দশকেরও বেশি সময় আগে হলিউডের একটি বড় প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে দেশটির সাইবার বাহিনী বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেয়।
দেশটির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা হ্যাকার বাহিনী এখন আন্তর্জাতিক ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকে লক্ষ্য করে বড় ধরনের সাইবার হামলা চালাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে প্রায় ৬০০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এ নিয়ে তাদের মোট ‘চুরি’র পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং।
যেভাবে গড়ে ওঠে হ্যাকার বাহিনী
উত্তর কোরিয়ার হ্যাকার তৈরির উদ্যোগ শুরু হয় ১৯৮০-এর দশকে। তৎকালীন নেতা কিম ইল সুং রাজধানী পিয়ংইয়ংয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও বিদেশি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হতো।
কম্পিউটার বিজ্ঞানে সেরা শিক্ষার্থীদের সামরিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতো। পরে মেধাবীদের উন্নত প্রোগ্রামিং ও সাইবার কার্যক্রম শেখাতে চীন ও রাশিয়ায় পাঠানো হতো। কেউ কেউ পশ্চিমা দেশেও প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।
প্রশিক্ষণ শেষে সেরা শিক্ষার্থীদের সামরিক বাহিনীর সাইবার ইউনিটে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পরিচিত ইউনিট ১২১ অন্যতম। তাদের লক্ষ্য ছিল বিদেশি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলা চালানো।
এই বাহিনীতে যোগ দিলে শুধু ব্যক্তিগত সুযোগ-সুবিধাই নয়, পরিবারের সদস্যদেরও রাজধানীতে বসবাসের সুযোগ দেওয়া হতো। ফলে মেধাবী তরুণদের কাছে এটি ছিল অত্যন্ত আকর্ষণীয় পেশা।
হলিউড থেকে আন্তর্জাতিক ব্যাংক, এরপর ক্রিপ্টোকারেন্সি
২০১৪ সালে হলিউডের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সে সাইবার হামলার মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে উত্তর কোরিয়ার হ্যাকাররা। কিম জং উনের চরিত্রে হত্যার কাহিনিনির্ভর চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’ মুক্তির প্রস্তুতির সময় এ হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য চুরি ও ফাঁস করা হয়।
দুই বছর পর, সেই একই হ্যাকাররা ফিরে আসে—তবে এবার তাদের লক্ষ্য ছিল অর্থ।
বাংলাদেশ ব্যাংকে সাইবার চুরির ঘটনাটি তার জটিলতা, সুনিপুণ পরিকল্পনা এবং বিশাল পরিসরের কারণে বিশ্বকে হতবাক করে দিয়েছিল।
একটি ফিশিং ইমেইলের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা। তারা এশিয়ার বিভিন্ন দেশের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের ভুয়া নির্দেশ পাঠিয়ে প্রায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল।
তবে কাকতালীয়ভাবে, ভুয়া নির্দেশগুলোর মধ্যে থাকা একটি বিশেষ শব্দ সতর্কবার্তা (অ্যালার্ম) হিসেবে কাজ করে, যার ফলে পরবর্তী লেনদেনগুলো আটকে যায়। কিন্তু তার আগেই হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়।
এরপর ক্রিপ্টোকারেন্সি বাজারের বিস্তার উত্তর কোরিয়ার হ্যাকারদের জন্য নতুন সুযোগ তৈরি করে। তুলনামূলকভাবে জটিল আর্থিক নজরদারি এড়িয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ পায় তারা।
যেভাবে চালানো হয় সাইবার হামলা
বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার অধিকাংশ সাইবার হামলার কেন্দ্রে থাকে মানুষের অসতর্কতা। ফিশিং ই-মেইল, ভুয়া চাকরির সাক্ষাৎকার, পরিচয় জালিয়াতি এবং ডিপফেক ভিডিওর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের প্রতারণা করা হয়।
কোনো কর্মী ভুল করে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করলে হ্যাকাররা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যবস্থায় প্রবেশের সুযোগ পায়।
চুরি করা ক্রিপ্টোকারেন্সির উৎস গোপন করতে বিভিন্ন ব্লকচেইনে অর্থ স্থানান্তর, ক্রিপ্টো মিক্সার এবং একাধিক ডিজিটাল মুদ্রা ব্যবহারের আশ্রয় নেয় তারা। পরে এসব অর্থ অবৈধ মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডলার, ব্যাংক জমা, নগদ অর্থ বা অন্যান্য সম্পদে রূপান্তর করা হয়।
বিশেষজ্ঞদের ধারণা, নানা পর্যায়ে অর্থ জব্দ হওয়াসহ বিভিন্ন কারণে চুরি করা অর্থের প্রায় ৭৫ থেকে ৮৫ শতাংশ শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার হাতে পৌঁছায়।
পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সীমিত। এ অবস্থায় সাইবার হামলা দেশটির জন্য গুরুত্বপূর্ণ অর্থের উৎস হয়ে উঠেছে।
জাতিসংঘের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ আসে সাইবার কার্যক্রম থেকে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দেশটির গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচির প্রায় ৪০ শতাংশের অর্থায়ন অবৈধ সাইবার কর্মকাণ্ডের মাধ্যমে হয়ে থাকতে পারে বলে জাতিসংঘের এক সদস্যরাষ্ট্র জানিয়েছে।
এসব অর্থ পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
সামনে আরো বড় সাইবার হুমকির আশঙ্কা
বিশেষজ্ঞদের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার উত্তর কোরিয়ার হ্যাকারদের সক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারে। ভুয়া পরিচয়, ডিপফেক ভিডিও ও উন্নত প্রতারণার মাধ্যমে ভবিষ্যতে সাইবার হামলা শনাক্ত করা আরো কঠিন হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু ক্রিপ্টো এক্সচেঞ্জের নিরাপত্তা জোরদার করলেই এ হুমকি মোকাবিলা সম্ভব নয়। ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মীদের সচেতনতা, উন্নত নজরদারি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



