‘ঝরা বকুল’-এর পর ফের একসঙ্গে ছন্দা-সুনেরাহ

‘ঝরা বকুল’-এর পর ফের একসঙ্গে ছন্দা-সুনেরাহ

এক কোটিরও বেশি ভিউ অর্জন করা আলোচিত নাটক ‘ঝরা বকুল’-এ প্রথমবার মা ও মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা এবং জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। একই নির্মাতা রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় আবারও নতুন একটি নাটকে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে এই দুই তারকাকে।

নাটকটির নাম এখনো চূড়ান্ত না হলেও সম্প্রতি ময়মনসিংহের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকে ছন্দা ও সুনেরাহর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

বিজ্ঞাপন

নতুন কাজটি নিয়ে অভিনেত্রী ছন্দা বলেন, “এর আগে রিংকুর পরিচালনায় ‘ঝরা বকুল’ নাটকে সুনেরাহ আর আমি মা-মেয়ের চরিত্রে কাজ করে চমৎকার সাড়া পেয়েছিলাম। আবারও আমরা একই চরিত্রে কাজ করলাম। গল্পটা সত্যিই খুব সুন্দর। সুনেরাহ এখন অভিনয়ে আরও পরিণত, আগামীতে ও আরও অনেক দূরে যাবে। ইয়াশ রোহান সহ পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় কাজটি দারুণ দাঁড়িয়েছে। আমি ‘ঝরা বকুল’-এর চেয়েও এটি নিয়ে বেশি আশাবাদী।”

জানা গেছে, বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ছন্দা। দীপ্ত টিভিতে প্রচারচলতি ধারাবাহিক ‘খুশবু’র শুটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি খুব শিগগিরই চ্যানেল আইয়ে ভিকি জাহেদ পরিচালিত ‘আমাদের নীল বাড়ি’ এবং এশিয়ান টিভিতে হাসান রেজাউল পরিচালিত ‘এরই নাম সংসার’ ধারাবাহিক দুটিতে তাকে দেখা যাবে। এ ছাড়া রাফাত মজুমদার রিংকুর নতুন আরও একটি নাটকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অন্যদিকে, তরুণ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। নিজের প্রথম সিনেমা ‘ন ডরাই’-তে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পী জন্মগ্রহণ করেছেন রংপুরে এবং তার পৈতৃক নিবাস বগুড়ার আদমদীঘিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন