তিন দশক ধরে সফলতার সঙ্গে রোমান্টিক চরিত্রে অভিনয় করে আসছেন দেশীয় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত অভিনেত্রী পূর্ণিমা। তবে এবার সেই পরিচিতির বাইরে গিয়ে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন তিনি।
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার ইচ্ছা, ভিলেন বা খলচরিত্রে অভিনয় করার। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান এই অভিনেত্রী।
পূর্ণিমার ভাষ্য, দীর্ঘদিনের ইচ্ছা খলনায়িকা বা নেতিবাচক কোনো চরিত্রে অভিনয় করা। তিনি এমন একটি চরিত্রে নিজেকে দেখতে চান, যেখানে দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবে। এমনকি চরিত্রটি দেখে দর্শকের মনে যেন রাগ, বিরক্তি কিংবা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতেই আগ্রহী তিনি।
অভিনেত্রীর ভাষ্যমতে, এখন পর্যন্ত কেউ তাকে এমন চরিত্রে কল্পনাই করেননি। কারণ, দর্শক ও নির্মাতারা তাকে বরাবরই রোমান্টিক ও কোমল স্বভাবের চরিত্রে দেখে অভ্যস্ত। পূর্ণিমা বলেন, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’
অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত পূর্ণিমা। সর্বশেষ তাকে প্রায় তিন বছর আগে দুটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল। এরপর মাঝেমধ্যে সঞ্চালনায় দেখা গেছে ‘মনের মাঝে তুমি’খ্যাত এই অভিনেত্রীকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

