আন্তর্জাতিক দুই চলচ্চিত্র উৎসবে ইমনের ‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’

আন্তর্জাতিক দুই চলচ্চিত্র উৎসবে ইমনের ‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’

আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও মজবুত করছেন বাংলাদেশের খ্যাতনামা নির্মাতা আবু শাহেদ ইমন। তাঁর জাপানিজ ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'টেনেমেন্ট অব সিক্রেট টক' নির্বাচিত হয়েছে এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব — জাপানের কারাতসু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের ৮ম সাউথ এসিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে।

৮ থেকে ১৩ জুলাই, কারাতসু, সাগা প্রদেশে অনুষ্ঠিতব্য কারাতসু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত পাঁচটি জাপানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে 'টেনেমেন্ট অব সিক্রেট টক' একটি। এ বছর মোট ৩৩১টি জমাকৃত ছবির মধ্যে (যার মধ্যে ৩৩টি দেশের ১১১টি আন্তর্জাতিক চলচ্চিত্র অন্তর্ভুক্ত) থেকে বাছাই করে এই পাঁচটি নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এই মর্যাদাপূর্ণ উৎসবটি আয়োজন করে কারাতসু কালচার কমিশন। উৎসবের পুরস্কার ঘোষণা করা হবে ১৩ জুলাইয়ের সমাপনী অনুষ্ঠানে। যেখানে ইমনের চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে আরও চারটি নির্বাচিত জাপানি ছবির সঙ্গে। সেগুলো হল— ওগা এইসুকে (রিটেক), চিতারা রিও (দ্যা ডিগিং ওমেন), এগুচি তাকাহিরো (রোড সাইড), ও তাকেদা আকারি (লুকিং ফর মিডনাইট)।

একই সময়ে, 'টেনেমেন্ট অব সিক্রেট টক' নির্বাচিত হয়েছে ভারতের কলকাতার ৮ম সাউথ এসিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এর ইন্টারন্যশনাল উইন্ডো: শর্ট ফিকশন সেকশন-এ। উৎসবটি ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কলকাতার ঐতিহাসিক নন্দন ফিল্ম সেন্টার-এ চলবে। এই বিভাগে শুধুমাত্র ৯টি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যা পূর্ব ভারতের সর্ববৃহৎ স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ বিভাগ হিসেবে বিবেচিত।

‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’ দর্শকদের মন জয় করে চলেছে এবং এটি আবু শাহেদ ইমনের জন্য একটি বড় অর্জন এবং বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশি সিনেমার অবস্থানকে শক্তিশালী করছে। ইমন, শোচিকু দলের প্রথম বাংলাদেশি পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে, আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশি নির্মাতাদের ক্রমবর্ধমান সুনামে নতুন পালক যুক্ত করেছেন। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এখন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা তুলে ধরছে।

এমন একটি যাত্রা প্রসঙ্গে আবু শাহেদ ইমন বলেন, ‘জাপানের চলচ্চিত্র ঐতিহ্যের কেন্দ্রে একটি আন্তর্জাতিক টিমের সঙ্গে এই ছবি নির্মাণ করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এটি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকের মনে সাড়া ফেলছে — বিষয়টি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন