বাংলাদেশের চলচ্চিত্রে এক সময় যাদের নিয়মিত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করতো—সুলতানা, নূতন, দিলারা, রীনা খান, দুলারী ও রেবেকা’সহ আরও অনেকে। তবে সময়ের পরিক্রমায় চলচ্চিত্রে গল্পের ধরন ও কাস্টিংয়ে এসেছে নানা পরিবর্তন। ফলে আগের মতো নিয়মিত পর্দায় দেখা মেলে না এই জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের। বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া নিজেদের মধ্যেও নিয়মিত দেখা-সাক্ষাৎ হয়ে ওঠে না বললেই চলে।
এই দূরত্ব ঘোচাতে ব্যতিক্রমী উদ্যোগ নেন পর্দায় বহু চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করা কামরুন্নাহার আন্না। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নিজ বাসভবনে জ্যেষ্ঠ এই শিল্পীদের জন্য এক বিশেষ আড্ডার আয়োজন করেন তিনি। দীর্ঘদিনের এই পরিকল্পনায় সাড়া দিয়ে আড্ডায় যোগ দেন সুলতানা, নূতন, দিলারা, রীনা খান ও রেবেকা’সহ বেশ কয়েকজন গুণী শিল্পী।
উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিতের বাবা বিশ্বজিতের বোনের চরিত্রে ‘রক্তাক্ত বাংলা’ সিনেমার কালজয়ী গান ‘ও দাদা ভাই মূর্তি বানাও’-তে অভিনয়ের জন্য সুলতানা আজও দর্শকমনে স্মৃতি হয়ে আছেন। বহু বিখ্যাত সিনেমার এই অভিনেত্রী আড্ডা নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সত্যি বলতে, অনেক দিন পর এমন একটি গল্পের আড্ডায় মেতে উঠে ভীষণ ভালো লেগেছে। সুন্দর আয়োজনের জন্য আন্নাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
নায়করাজ রাজ্জাকসহ বহু কিংবদন্তি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে কাজ করা অভিনেত্রী দিলারা ইয়াসমিন বলেন, ‘জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হওয়া হয় না। আন্না পরিকল্পনাটা জানানোর পরই খুব ভালো লেগেছিল। আজ সবার সঙ্গে দেখা হয়ে এতো আনন্দ হচ্ছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
এমন আয়োজনের পর অনুভূতি ব্যক্ত করে গৃহকর্ত্রী ও অভিনেত্রী আন্না বলেন, ‘আরও অনেককেই দাওয়াত দেওয়া হয়েছিল। তবে একদিনে সবার সময় মেলেনি বলে অনেকে আসতে পারেননি, যা নিয়ে পরে তারা আফসোসও করেছেন। তবে সুলতানা আপা, নূতন আপা, দিলারা আপা ও রীনা আপার মতো গুণী শিল্পীরা আমার আমন্ত্রণে এসেছেন—এ দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
ব্যক্তিগত ক্যারিয়ারের স্মৃতিচারণ হিসেবে জানা যায়, অভিনেত্রী নূতন এর আগে দিলারার সঙ্গে ‘জুলুম’ এবং সুলতানার সঙ্গে ‘সাত ভাই চম্পা’ ও ‘রসিয়া বন্ধু’সহ একাধিক চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। তবে আন্নার ক্ষেত্রে এদের তিনজনের সঙ্গে একই সিনেমায় অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। সব মিলিয়ে স্মৃতিকথা আর পুনর্মিলনীর মধ্য দিয়ে এই শিল্পীদের দিনটি কেটেছে বেশ আনন্দে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

