সবসময় মনে হত সালমান আমার পেটের সন্তান: ডলি জহুর

সবসময় মনে হত সালমান আমার পেটের সন্তান: ডলি জহুর

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। মৃত্যুর ২৯ বছর পরেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন এক বিস্ময়, এক প্রজন্মের আবেগ। সিনেমা, স্টাইল, সংলাপ, কিংবা পর্দায় উপস্থিতি, সব দিক থেকেই নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। প্রতিভার পাশাপাশি ভীষণ একরোখা ছিলেন সালমান। অকালে চলে যাওয়ার পেছনে সেটিও ছিল অন্যতম কারণ। আজ তার ৫৫তম জন্মদিনে তাকে স্মরণ করে তার সম্পর্কে অনেক অজানা কথা বলেছেন অভিনেত্রী ডলি জহুর।

অভিনেত্রী ডলি জহুরের কাছে প্রয়াত নায়ক সালমান শাহ কেবল একজন সহশিল্পী ছিলেন না, ছিলেন তার সন্তানও।

বিজ্ঞাপন

ডলি জহুর বলেন, ‘সালমান আমাকে ‘আম্মু’ বলে ডাকত। যখন সে ছোট তখন টেলিভিশনে আমার সঙ্গে অভিনয় করত। সালমানের বাবা তাকে সঙ্গে করে নিয়ে আসতেন। পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয় তাদের সঙ্গে। বড় হয়েও পর্দার বাইরে কখনো আপা, বা আন্টি বলে ডাকে নাই, সব সময় আম্মু বলেই ডাকত।‘

সালমান শাহের কথা বলতে গিয়ে অনেকটা আবেগপ্রবণ হয়ে যান তিনি। তিনি বলেন, 'একবার এমন হয়েছিল মেকাপ নিয়ে শাবনুর, সহ আমাদের কয়েকজন আর্টিস্টের মুখের স্কিন পুরে পুরে গিয়েছিল। শাবনুর সিঙ্গাপুরে গিয়েছিল মুখের ট্রিটমেন্ট করাতে। তখন সালমান এসে আমাকে বলে আম্মু তুমি টেনশন করো না, তোমার ট্রিটমেন্ট আমি করাবো। আমি তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাব। সালমান তো নেই, ছেলেটার কথা মনে পড়ে খুব, কথা বলতে গেলে খুব আবেগপ্রবণ হয়ে যাই।'

তিনি আরো বলেন, 'আমার কাছে কখনো মনে হয়নি ও আমার সহশিল্পী, সবসময় মনে হয়েছে ও আমার নিজের পেটের সন্তান। আমি তার মা হতে পেরেছিলাম তা ভেবেই আমার ভালো লাগে।'

ডলি জহুরের কথায় সালমান ছিলেন উদার মনের এক মানুষ। তিনি বলেন, 'বিরাট বড় আত্মা ছিল সালমানের। সবাইকে খাওয়াতে ভালোবাসত। একজন প্রোডাকশন বয়কেও গুরুত্ব দিত। ইন্ডাস্ট্রির গরিব সদস্যদের বাজার করে দিত, সাহায্য করত। এমন উদার মন খুব কম মানুষের মধ্যে দেখা যায়। সালমান বেঁচে থাকলে তার অভিনয়, তার গুণ সবাইকে ছাপিয়ে যেত।'

তিনি আরো বলেন, 'সালমান শাহ যেমন উদার মনের ছিলেন, তেমনি ছিলেন অভিমানী ও চঞ্চল। ও যখন সেটে থাকতো, শ্যুটিং সেট অনেক প্রাণবন্ত থাকতো। ও সবাইকে সম্মান দিতে জানতো।'

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে জন্ম সালমান শাহর। শৈশবে সংগীতের পাঠ নিয়েছিলেন ছায়ানটে, গেয়েছেন গানও। বিনোদনজগতে সালমানের যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে।

সোহানুর রহমান সোহানের পরিচালনায় নায়িকা মৌসুমীর বিপরীতে প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত' করে ১৯৯৩ সালে বাজিমাত করে দেন সালমান। এই সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার পায় সালমান-মৌসুমী জুটি।তবে সালমানের ক্যারিয়ারের ২৭টি সিনেমার ১৩টির নায়িকাই ছিলেন শাবনূর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন