নিজের সম্মানহানি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করেন তিনি। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন। তিনি জানান, ৪ নভেম্বর আদালতে মানহানির মামলাটি দায়ের করা হয় এবং পরবর্তীতে এটি তদন্তের জন্য ডিবির কাছে ন্যস্ত করা হয়েছে।
মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহকে। আর দ্বিতীয় আসামি হিসেবে রয়েছেন ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ অনুযায়ী, একটি ভিডিওতে তানজিন তিশাকে জড়িয়ে মানহানিকর মন্তব্য ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেন ফাতেমা। এর জের ধরেই আইনি পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী।
পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে জানিয়ে তানজিন তিশা বলেন, এ বিষয়ে যা বলার তা তার আইনজীবীই বলবেন।
দীর্ঘদিন ধরে ছোট পর্দার নাটক ও বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিত মুখ তানজিন তিশা। সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি নানা কারণে আলোচনায় থাকলেও এবার মানহানির মামলার ঘটনায় নতুন করে খবরের শিরোনামে এলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

