জুলাই যোদ্ধা হত্যা, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের নামে মামলা

জুলাই যোদ্ধা হত্যা, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের নামে মামলা

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে আব্দুল বারেক (৭০) নামে গেজেটভুক্ত এক জুলাই যোদ্ধাকে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পৌরসভার টোল আদায়ের ইজারাদার এবং ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ চারজনকে আসামি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে নিহত আব্দুল বারেকের নাতি মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মদন থানায় হত্যা মামলাটি করেন। মঙ্গলবার বিকেলে মদন থানার ওসি সালাহউদ্দিন করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার আসামিরা হলেন—মদন উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আলী উসমান ওরফে আরাধন (৪২), রিপন মিয়া (৪২), পৌর শহরের বাড়িভাদেরা গ্রামের আতিকুল ইসলাম (১৯) ও মো. রায়হান মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে রায়হান মিয়া পৌরসভার টোল আদায়ের ইজারাদার, পৌর ওলামা দলের সভাপতি ও মদন উপজেলা প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক। আলী উসমান স্থানীয় জোবাইদা রহমান মহিলা কলেজের অফিস সহকারী এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। এছাড়া রিপন মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করা হয় এবং মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত আব্দুল বারেক উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও চকপাড়া গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে তার এক চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় এবং অন্য চোখটিও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে তাকে নিয়মিত চিকিৎসা নিতে হতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে চোখের চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মদনে ফিরছিলেন আব্দুল বারেক। পথে চানগাঁও গ্রামের মড়লবাড়ির সামনে কেন্দুয়া-মদন সড়কে পৌরসভার টোল আদায় করছিলেন ইজারাদারের প্রতিনিধি আতিকুল ইসলাম।

সেখানে নির্ধারিত ২০ টাকা টোল দিতে অটোরিকশাচালক রায়হান এক হাজার টাকার নোট দেন। অভিযোগ রয়েছে, আতিকুল বাকি টাকা ফেরত না দেওয়ায় চালকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুল চালককে মারধর শুরু করলে অটোরিকশা থেকে নেমে তাকে রক্ষা করতে এগিয়ে যান আব্দুল বারেক। এ সময় আতিকুল তাকেও কিল-ঘুষি মারলে বারেক সড়কের পাশের ড্রেনে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার ভেতরের যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নেওয়া হলেও নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পৌরসভার বাইরের বিভিন্ন স্থানে গাড়ি আটকে টোল আদায় করা হচ্ছিল।

এ বিষয়ে মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল বলেন, রায়হান আমাদের প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক এবং আলী উসমান সাংগঠনিক সম্পাদক। তবে তারা বর্তমানে কোন গণমাধ্যমে নিয়মিত কাজ করছেন কি না, তা আমার জানা নেই। ঘটনার সময় আতিকুল ছাড়া অন্য তিনজন ঘটনাস্থলে ছিলেন না বলে জেনেছি। তবু কেন তাদের আসামি করা হলো, তা স্পষ্ট নয়। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি হোক এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।

মদন থানার ওসি সালাহউদ্দিন করিম বলেন, হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আতিকুল ইসলামকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...