ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কেবল নিজের ও পরিবারের স্বার্থই একমাত্র গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, বাংলাদেশ তো দূরের কথা, প্রয়োজনে শেখ হাসিনা নিজের দল আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং এর পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ রয়েছে।
আসিফ নজরুল আরো উল্লেখ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এর ফলে দলটির প্রতি যাদের সামান্য সহানুভূতিও ছিল, তাদের জন্যও এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়েছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসার বিষয়টি তুলে ধরে আসিফ নজরুল বলেন, তার অনুগতদের কর্মকাণ্ডে এর বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
পোস্টে তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেত্রী ও তার অনুসারীরা এটি বিবেচনায় আনেননি যে ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। তা ছাড়া গ্রামীণ ব্যাংকের ওপর এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে যে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তাঁদের ভাবনায় নেই।
সবশেষে দলটির নেতাকর্মীদের উদ্দেশে আসিফ নজরুল লেখেন, মনে হচ্ছে শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন, তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন। ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন—আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কবে তা উপলব্ধি করবেন, এমন প্রশ্নও রাখেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




