বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব পুরোপুরি কেটে যাওয়ায় মঙ্গলবার থেকে সারাদেশের আকাশ পরিষ্কার রয়েছে। এরই মধ্যে কমতে শুরু করেছে তাপমাত্রা। বুধবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে দেশজুড়ে শীতের অনুভূতি বাড়বে। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের শুরুতে সারাদেশে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রির মতো কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় এসব এলাকায় শীতের অনুভূতি বাড়ছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক মঙ্গলবার রাতে আমার দেশকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার সারাদেশের আকাশ পরিষ্কার ছিল। বুধবার রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে সারাদেশে শীতের অনুভূতি বাড়বে। আগামী দিনগুলোতেও তাপমাত্রা কিছুটা কমতির দিকে থাকতে পারে।

এর আগে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছিলেন, দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে শীতের অনুভূতি বাড়বে। ডিসেম্বরের শুরুতে সারাদেশে শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে।

তবে এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তার মতে, গত ৩০ বছরের তুলনায় এবার রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্বও কম হতে পারে। তবে শৈত্যপ্রবাহ একেবারে হবে না, এমন নয়।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাসের কথা উল্লেখ করে তিনি জানান, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...