সাড়া ফেলেছে জীবন-শিমুল জুটির ‘জ্যাকপট’

বিনোদন রিপোর্টার

সাড়া ফেলেছে জীবন-শিমুল জুটির ‘জ্যাকপট’

চোরাকারবারি, স্থানীয় রাজনীতি এবং হঠাৎ করে পাওয়া বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব ড্রামা ‘জ্যাকপট’। এবারের ঈদ আয়োজনে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচার হয়েছে নাটকটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা।

চিত্রনাট্য নিয়ে বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, ‘জ্যাকপটের’ কাহিনি এগিয়েছে সীমান্তসংলগ্ন একটি এলাকার রোমাঞ্চকর ও হাস্যরসাত্মক কিছু ঘটনাকে কেন্দ্র করে। যেখানে ‘জিরা মাসুদ’ চরিত্রে অভিনয় করেছেন শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবন।

বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে তাদের প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঘটনার পরিক্রমায় মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়, যা দর্শকদের শেষ পর্যন্ত পর্দায় ধরে রাখতে সক্ষম হয়েছে। জ্যাকপট পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন।

নাটক ও অভিনেতা-অভিনেত্রী নিয়ে নির্মাতা বলেন, ‘জীবন ভাই ও শিমুলকে নিয়ে কাজ করাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তারা দুজনেই অত্যন্ত মেধাবী এবং পর্দার বাইরে তাদের বন্ধুত্বই ক্যামেরার সামনে চমৎকার রসায়ন তৈরি করেছে। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি, তাতে আমরা সবাই অভিভূত। জীবনের টানাপোড়েন আর ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার এক অদ্ভুত মিশেল তৈরি এই ‘জ্যাকপট’।'

বঙ্গ বলছে ঈদ উৎসবের অংশ হিসেবে এবার এই প্ল্যাটফর্মে ছয়দিনে ছয়টি নতুন কনটেন্ট প্রচার হয়েছে। ‘জ্যাকপট’ সেই আয়োজনেরই একটি কনটেন্ট। দর্শকরা এই প্ল্যাটফর্মটির বিশেষ সাবস্ক্রিপশন প্যাকেজ ‘ওয়ান প্যাক’-এর মাধ্যমে সব কনটেন্ট উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে বঙ্গ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন