হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়; পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের বিনোদন অঙ্গন, সহকর্মী ও ভক্তরা।
সহকর্মীদের শোকবার্তার ভিড়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শোক প্রকাশে উঠে এসেছে একান্ত ব্যক্তিগত কিছু স্মৃতি। সোহেল খানের অভিনয়জীবনে শুরু ও গড়ে ওঠার পেছনে ফারুকীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার নির্মাণের হাত ধরেই নতুনভাবে পরিচিতি পান এই অভিনেতা।
নিজেও একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন সোহেল খান। তার মতে, ফারুকী তাকে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। চরিত্রের প্রয়োজনে শিল্পীকে গড়ে তোলার ক্ষেত্রে ফারুকী বেশ কঠোর ছিলেন। অভিনয়ের স্বার্থে বয়সে ছোট হওয়া সত্ত্বেও ফারুকীর বকুনি এমনকি মারও খেতে হয়েছিল তাকে; তবে এসব নিয়ে কখনোই কোনো আক্ষেপ ছিল না সোহেলের।
সোহেল খানের প্রয়াণের পর ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’? শান্তিতে ঘুমান।’
ফারুকীর হাত ধরে অভিনয়ে আসার পর টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে— ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
বড় পর্দায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো বা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। বিশেষ করে ‘প্রজাপতি’তে মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’-এ বাবুল চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সবশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় একটি গ্যারেজের মালিকের চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেতাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

