শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ-মুক্তি

বিনোদন রিপোর্টার

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ-মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুক্তি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে দুটো প্যানেল লড়বে। একটি বাপ্পারাজ ও মুক্তির। অন্যটিতে, সভাপতি প্রার্থী শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘প্রেমের সমাধি’খ্যাত নায়ক বাপ্পারাজ। অন্যদিকে, ক’দিন আগেই সাধারণ সম্পাদক পদে লড়ার কথা নিশ্চিত করেছেন মুক্তি নিজেই। তিনি বলেন, ‘আমার মা (আনোয়ারা) সব সময় চাইতেন, আমি যেন শিল্পীদের কল্যাণে আরো বড় দায়িত্বে যাই। তাঁর ইচ্ছে ছিল আমি যেন শিল্পী সমিতির নেতৃত্বে থেকে কাজ করি। সেই স্বপ্ন পূরণ করতেই এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল।

এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...