মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ


মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ
ছবি: আমার দেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

বিজ্ঞাপন

নিখোঁজ চার শিশু হলো—ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।

নিখোঁজ শিশুদের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। আত্মীয়স্বজন, পরিচিতজন ও স্থানীয় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ চার শিশুর সন্ধানে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, পরিচিতজনসহ স্থানীয় সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন