সন্দ্বীপে দুই দিনব্যাপী বড়শি উৎসব শুরু

সন্দ্বীপে দুই দিনব্যাপী বড়শি উৎসব শুরু

ভোরের আলো ফুটতে না ফুটতেই সন্দ্বীপের ঐতিহ্যবাহী শেখ জাল পুকুরপাড়ে জড়ো হতে শুরু করেন উৎসুক মৎস্যশিকারিরা। হাতে বড়শি, মাছের চার, বসার মোড়া আর জাল নিয়ে উপস্থিত হওয়া শিকারিদের উপস্থিতিতে চারপাশে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। সোমবার সকাল ৬টায় মাইটভাঙা ইউনিয়নের এই পুকুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বড়শি উৎসব।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সন্দ্বীপের প্রধান সড়ক ‘দেলোয়ার খাঁ’ সংলগ্ন শেখ জাল পুকুরের পূর্ব ও পশ্চিম পাড়ের ঝোপঝাড় পরিষ্কার করে ১২টি মাচা তৈরি করা হয়েছে। প্রতিটি মাচায় অন্তত তিনজন করে মোট ৩৬ জন মৎস্যশিকারি এই উৎসবে অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, প্রতিটি মাচার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার টাকা। পুকুরটিকে কেন্দ্র করে শতবর্ষী পুরোনো এই উৎসবটি বর্তমানে সব বয়সী মানুষের এক প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে।

তবে চলতি মৌসুমে পুকুরে পানি বেশি থাকায় প্রথম দিনে মাছ তুলনামূলক কম ধরা পড়েছে বলে জানিয়েছেন শিকারিরা। অংশ নেওয়া অন্তত ১০ জন মৎস্যশিকারি জানান, প্রথম দিনে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না পেলেও দ্বিতীয় দিনে খরচ উঠে আসার বিষয়ে তাঁরা আশাবাদী। তবে মাছ কিছুটা কম মিললেও উৎসবের আনন্দ ও উচ্ছ্বাসে কোনো কমতি নেই।

পার্শ্ববর্তী মুছাপুর ইউনিয়ন থেকে আসা মৎস্যশিকারি দিদার উদ্দিন জানান, সকাল থেকে তিনি যেসব মাছ পেয়েছেন তার সবই এক কেজির ওপর। প্রতিবেদন লেখা পর্যন্ত বড়শিতে ধরা পড়া মাছের মধ্যে সর্বোচ্চ ৪ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি রুই মাছ পাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বড়শিতে ধরা পড়ছে রুই, কাতল ও মৃগেলসহ নানা প্রজাতির দেশীয় মাছ।

উৎসবের ধারাভাষ্যকার ও স্থানীয় বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব বাবুল জানান, শৈশব থেকেই তিনি এই উৎসব দেখে আসছেন। স্থানীয় প্রবীণদের মতে, সন্দ্বীপের এই বড়শি উৎসবের ইতিহাস প্রায় শত বছরের।

আয়োজক কমিটির সদস্য আবদুল করিম শিপন আমার দেশকে বলেন, নৈসর্গিক পরিবেশে মাছ শিকারের আনন্দ উপভোগ এবং পূর্বপুরুষদের ঐতিহ্যের প্রতি আবেগ থেকেই মূলত প্রতি বছর এই আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতা শেষে শিকার করা মাছের মোট ওজনের ভিত্তিতে শীর্ষ পাঁচজন বিজয়ী মৎস্যশিকারিকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ৮০ হাজার টাকার প্রাইজমানি। এছাড়া দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার, তৃতীয় পুরস্কার ৪০ হাজার, চতুর্থ পুরস্কার ৩৩ হাজার এবং পঞ্চম পুরস্কার হিসেবে ২৭ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন