নড়াইলে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি নড়াইল ও জেলা প্রশাসনের সহযোগিতায়, আজ ১০ আগস্ট সকালে নড়াইলস্থ স্মৃতিসংগ্রহশালা ও শিশু স্বর্গে এ আয়োজনের সূচনা হয়।
দিনব্যাপী এই উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে ছিল ২০ জন স্থানীয় শিল্পীর অংশগ্রহণে বিশেষ আর্টক্যাম্প, শিশু স্বর্গের তিন শতাধিক শিশু-কিশোরের সমন্বয়ে চিত্রাঙ্কন উৎসব ও প্রদর্শনী, ‘সুলতান বিষয়ক আলোচনা সভা’, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকভাবে ‘সুলতান সম্মাননা পদক’ প্রদান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “চিত্রশিল্পী এস এম সুলতান শুধু নড়াইল বা পদ্মা পারের মানুষের কাছে নয়, সমগ্র বিশ্বেই একজন অনন্য ও কালজয়ী শিল্পী। সুলতানের স্বপ্ন বাস্তবায়নে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাতে স্কুলভিত্তিক চিত্রাঙ্কন ও অন্যান্য শিল্পচর্চার দিকে সরকারের বিশেষ দৃষ্টি থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।
‘এস এম সুলতান: জীবন ঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক জনাব আব্দুল হালিম চঞ্চল।
এ বছর থেকে প্রবর্তিত সম্মাননার অংশ হিসেবে, সমকালীন শিল্পচর্চা, গবেষণা ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছাপচিত্র শিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ প্রদান করা হয়।
পরশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় চিত্রশিল্পের এই মহানায়কের জন্মবার্ষিকী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

