দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের দর্শকদের জন্য বাংলায় সম্প্রচারিত হতে যাচ্ছে তুরস্কের তুমুল জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ (কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি)। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ীর জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত এই মহাকাব্যিক সিরিজটি। গতকাল, ২ আগস্ট নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এর পর্দা উঠেছে।
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ঠিক রাত ৮টায় নাগরিক টিভির পর্দায় সিরিজটির নতুন পর্ব সম্প্রচারিত হবে। এরপর রাত ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে দর্শকরা পর্বটি স্ট্রিমিং করতে পারবেন। দর্শকদের বিনোদনের মাত্রা দ্বিগুণ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে সিরিজটির প্রথম ৫টি পর্ব সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করার দারুণ সুযোগ থাকছে।
সিরিজটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। দ্বাদশ শতাব্দীর প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের মূল কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মহান এই সিপাহসালার বীরত্বগাঁথা অত্যন্ত সুনিপুণভাবে চিত্রিত হয়েছে এই সিরিজে। বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দিয়ে সাজানো প্রোডাকশনটি দর্শকদের সেই ঐতিহাসিক যুগে ফিরিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

