‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

বিটিভির কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’, ‘কোন কাননের ফুল’ কিংবা ‘সারাবেলা’ দিয়ে দর্শক হৃদয়ে ঠাঁই করে নেওয়া দাপুটে ও ভার্সেটাইল অভিনেত্রী তমালিকা কর্মকার এবার যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে নাটক নিয়ে হাজির হচ্ছেন। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের দীর্ঘ ছয় বছরে (অর্ধযুগ) এবারই প্রথম সেখানকার কোনো মঞ্চ নাটকে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

১৯৯২ সালে মামুনুর রশীদের আহ্বান ও দিকনির্দেশনায় ‘আরণ্যক’ নাট্যদলের সাথে যুক্ত হয়ে মঞ্চে যাত্রা শুরু করেন তমালিকা। প্রথম নাটক ‘পাথর’-এর পর ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘রাঢ়াং’, ‘শত্রুগণ’, ‘দ্য জুবিলি হোটেল’ ও ‘ইবলিশ’-সহ একের পর এক প্রশংসিত নাটকে অভিনয় করে মঞ্চের প্রেমে পড়ে যান এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর প্রবাসী দর্শকদের সামনে মঞ্চে ফেরা নিয়ে উৎফুল্ল ও রোমাঞ্চিত তিনি। আগামী ৪ অক্টোবর বিকেল ৫:৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজেন্দ্রিয়ার ‘সিটি অব আলেকজেন্দ্রিয়া-লি সেন্টার’-এ মঞ্চস্থ হবে তাঁর অভিনীত নাটক ‘অমানুষ’। এটি প্রযোজনা করছে ‘সূচনা থিয়েটার’ এবং নির্দেশনা দিচ্ছেন জান্নাতুল টুম্পা।

নাটকটি রচনা করেছিলেন গুণী নাট্যকার মামুনুর রশীদ—আজ থেকে প্রায় ৩১ বছর আগে, যেখানে উঠে এসেছিল সমাজের নানা অবক্ষয়ের চিত্র।

মামুনুর রশীদ পাশে না থাকায় কিছুটা শঙ্কা প্রকাশ করে তমালিকা কর্মকার বলেন, ‘শ্রদ্ধেয় মামুন আঙ্কেল পাশে নেই বলে কিছুটা ভয় পাচ্ছি, তবে জানি তাঁর আশীর্বাদ আমার সাথে আছে। মঞ্চ নাটক শুধুই বিনোদন নয়, শ্রেণীসংগ্রামের সুতীক্ষ্ম হাতিয়ার। প্রতিবার মঞ্চে ওঠার আগে মনে হয় পরীক্ষা দিতে যাচ্ছি। মঞ্চ থেকে দর্শকের সরাসরি যে প্রতিক্রিয়া পাওয়া যায়, সেটাই আমার নেশা। সেই নেশায় বারবার ডুব দিতে চাই।’

অনেক প্রতিকূলতা পেরিয়ে যুক্তরাষ্ট্রের মঞ্চে ফিরলেও, সহকর্মী ও ভক্তদের বিশ্বাস—মঞ্চের এই পরীক্ষিত অভিনেত্রী ‘অমানুষ’ নাটকে আবারও নিজের পুরোনো ও দুর্দান্ত রূপেই ধরা দেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...