‘অকারণ’-এ হিমি

‘অকারণ’-এ হিমি

গত ৪ অক্টোবর ছিল বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। কাজের ব্যস্ততা থাকায় এবারের জন্মদিনটি তিনি শুটিংয়ের মাঝেই কাটিয়েছেন। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘অকারণ’ শিরোনামের একটি নাটকের কাজে জন্মদিনে ব্যস্ত ছিলেন হিমি।

হিমি জানান, ‘অকারণ’ নাটকটিতে তিনি ‘তনু’ চরিত্রে অভিনয় করছেন। নাটকের অভিজ্ঞতা জানিয়ে হিমি বলেন, “সত্যি বলতে কী, কোনো উপায় ছিল না। যে কারণে জন্মদিনেও নাটকের কাজ করতে হয়েছে। ‘অকারণ’ নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর ভাই। নাটকটির গল্প খুব সুন্দর; আমাদের প্রাত্যহিক জীবনের নানা বাঁকের গল্প এতে উঠে এসেছে। রাজধানীর মতিঝিল কলোনি, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় দৃশ্যধারণ করায় লোকেশনের দিক দিয়েও বেশ ভিন্নতা এসেছে, যা দর্শকদের ভালো লাগবে। আর যথারীতি আমি আমার চরিত্রটি মনোযোগ দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞ আমার ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে—কারণ তারা জন্মদিনে আমাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মিডিয়া পরিবার এবং নিজের পরিবারের প্রতিও, যারা আমাকে একটি সুন্দর ও শৃঙ্খলিত জীবনের মধ্যে রেখেছেন। আম্মু-আব্বুর প্রতি আমার অসীম ভালোবাসা।”

বিজ্ঞাপন

এদিকে দুই দিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে হিমি অভিনীত ও মহিন খান পরিচালিত একক নাটক ‘কঞ্জুস প্রবাসী’। এই নাটকেও তার সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর।

এছাড়া হিমি তানভীর তন্ময়ের পরিচালনায় ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত ‘প্রথম প্রেমের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এটি নিয়ে তার ভীষণ প্রত্যাশা রয়েছে। এতেও তার বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে হিমি নিজ বাসায় বাবা-মাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। হিমির মা রোকসানা বেগম দেশবাসী ও ভক্তদের কাছে মেয়ের জন্য দোয়া চেয়ে বলেন, “সবাই আমার মেয়ে হিমির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ ও ভালো রাখেন। সে যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গল্পের নাটক দর্শককে উপহার দিতে পারে।”

ছোটবেলায় গানের চর্চা করা হিমি অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০২৫ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সিয়াম আহমেদের সঙ্গে ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামের গানে কণ্ঠ দেন তিনি। এরপর ২০২৬ সালে রাফির সঙ্গে ‘দুজন দুজনার’ শিরোনামের আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দেন এই অভিনেত্রী। হিমি অভিনীত একমাত্র চলচ্চিত্র রেশমী মিত্র পরিচালিত ‘হঠাৎ দেখা’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন