এই সময়ে আলোচনায় থাকা ‘অমর প্রেম’ নাটকে বেশ চমৎকার অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ। নাটকটিতে তাঁর অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। এদিকে নাটকে একেবারেই নতুন বলা চলে দর্শকপ্রিয় অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার পাশাপাশি তিনি অভিনয়ও করছেন নিয়মিত। তাঁর অভিনীত বেশ কিছু নাটক এসেছে আলোচনায়ও। এবার একসঙ্গে জুটি বেঁধে ‘আলো ছায়া’ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ ও সাদনিমা।
তিন দিন যাবৎ শুটিং শেষ হওয়া নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী সাদনিমা। ‘আলো ছায়া’ নাটকটি নির্মাণ করেছেন তরুণ মেধাবী নাট্যনির্মাতা সেলিম রেজা। নাটকটি রচনা করেছেন নাজ নাজমা। গত ৩১ জুলাই এবং ১ ও ২ আগস্ট রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকারসহ আরও বেশ কয়েকজন।
পার্থ শেখ বলেন, ‘অমর প্রেম নাটকের জন্য সত্যিই অবিশ্বাস্যরকম সাড়া পাচ্ছি। দর্শকের এই ভালোবাসার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আলো ছায়া নাটকটির গল্প খুব সুন্দর। সেলিম রেজা ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। যে কারণে তাঁর সঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও চমৎকার। সাদনিমা এই সময়ে বেশ ভালো করছে। আগামীতে আরও ভালো করবে—এমনটাই প্রত্যাশা করছি।’
সেলিম রেজার নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে সাদনিমা বলেন, ‘সেলিম ভাইয়ের পরিচালনায় এর আগেও কয়েকটা নাটকে কাজ করেছি। এই নাটকের গল্পটা একটু আলাদা, অন্যরকম। এর আগে আমি আর পার্থ একটি নাটকে যদিও কাজ করেছিলাম, কিন্তু তা প্রচারে আসেনি। আশা করা যাচ্ছে আলো-ছায়া প্রচারে আসা আমাদের প্রথম নাটক হতে যাচ্ছে। দর্শক এবারই প্রথম একটি নতুন জুটি দেখবে। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে। কারণ সেলিম রেজা ভাই তিন দিনে অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

