ঈদে ভিন্ন রূপে আসছেন সাদিয়া ইসলাম মৌ

বিনোদন রিপোর্টার

ঈদে ভিন্ন রূপে আসছেন সাদিয়া ইসলাম মৌ

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের তুমুল জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত একটি থ্রিলারধর্মী ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। আকা রেজা গালিবের পরিচালনায় এ ওয়েব সিনেমার নাম ‘সারার সংসার’। ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। সম্প্রতি এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মূল উপন্যাস আর্তনাদের পটভূমি সত্তরের দশকের হলেও বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে সারার সংসারের গল্পকে আধুনিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর।

সিনেমার গল্পে সাদিয়া ইসলাম মৌ অভিনয় করেছেন সারা চরিত্রে। একদিন রাতে ঘটনাক্রমে নিজের মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে সে। এরপর মেয়ের সম্মান আর পরিবারকে বাঁচাতে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সারা। লাশ সরিয়ে ফেললেও পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। নিখোঁজ ওই ছেলেকে খুঁজতে যখন পুলিশি তদন্ত শুরু হয়, তখন অপরাধবোধ, আতঙ্ক আর পারিবারিক টানাপড়েনের মধ্য দিয়ে গল্প এগিয়ে যায় টানটান উত্তেজনায়।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর এমন একটি ভিন্নধর্মী কাজ নিয়ে উচ্ছ্বসিত সাদিয়া ইসলাম মৌ। নিজের চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন পর এমন একটি চরিত্রে কাজ করলাম, যেখানে আবেগ, ভয় ও মানসিক টানাপড়েন– সব একসঙ্গে রয়েছে। সারা চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।

গল্পটা পড়েই মনে হয়েছে, দর্শক নতুন ধরনের কিছু দেখতে পাবেন।’ নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের ঝুলিতে জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজ ছাড়াও অসাধারণ অনেক গল্প রয়েছে। সারার সংসার তেমনই একটি মনস্তাত্ত্বিক গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের পাশাপাশি রহস্য ও সাসপেন্সের এক দারুণ সংমিশ্রণ রয়েছে। ওয়েব ফিল্মটিতে সাদিয়া ইসলাম মৌ ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াতি প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও এর দৃশ্যধারণ শেষ হয়েছিল আরো আগে। নির্মাণের শুরুতে সিনেমাটির নাম ‘গহীন অতল’ রাখা হলেও পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে সারার সংসার হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন