একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন গুনী কিংবদন্তী অভিনয়শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরকে একসাথে দেখা যাচ্ছে রাহাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দাদী ভয়ংকর’ নামের একটি নাটকে। ইউটিউবে প্রকাশিত হওয়া নাটকের নাম ‘দাদী ভয়ংকর’। নাটকটিতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী।
গল্প প্রসঙ্গে পরিচালক রাহাত কবির বলেন, ‘ইন্টারনেট স্ক্যামের ফাঁদে পড়ে জীবনের সঞ্চয় হারানো এক আশি বছরের দাদী যখন পরিবার ও প্রযুক্তির কাছে নিজেকে অসহায় মনে করেন, তখন দুই বৃদ্ধ বন্ধুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন প্রতারকদের খুঁজতে। আধুনিক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে শুরু হয় তিন প্রবীণের এক দুঃসাহসিক অভিযান, যেখানে শেষ পর্যন্ত প্রযুক্তিই হয়ে ওঠে ন্যায়বিচার ফেরানোর অস্ত্র।’
নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভালো লেগেছে কাজ করে। সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। রাহাত কবিরকে ধন্যবাদ এমন একটি গল্প চূড়ান্ত করে আমাদের নিয়ে নাটক নির্মাণের জন্য।’
দিলারা জামান বলেন, ‘প্রযুক্তি আমাদের যতটা স্বাচ্ছন্দ্য দিচ্ছে, ঠিক ততটাই বিপদও ডেকে আনছে। মূলত নাটকের মধ্য দিয়ে সে ব্যাপারেই সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে। একসঙ্গে একই নাটকে অভিনয় করে খুব ভালো লেগেছে। আমার বারবার সেই ‘শেষ পত্র’ নাটকের দিনগুলোর কথা মনে পড়ছিল।’
ডলি জহুর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অনেক বছর আগে হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তার মধ্যে শর্মিলা আপা আজ আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা যে কতটা ভালো লাগার বিষয়, তা ভাষায় প্রকাশের নয়। পরিচালককে অনেক ধন্যবাদ।’
উল্লেখ্য, আজ থেকে বহু বছর আগে গুণী অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের পরিচালনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলা আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ (যেটিতে আবুল হায়াত নিজে অভিনয় করেননি)। দীর্ঘ সময় পর এবারই প্রথম দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরকে একসঙ্গে এক নাটকে অভিনয়ে দেখা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

