শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত, পলাতক জামাই

শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত, পলাতক জামাই

গাজীপুরের শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড ইউনিয়নের দারগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের ভাষ্য, রাতে স্ত্রীকে নিয়ে জামাই ফিরুজের ঝগড়া হয়। বিষয়টি জানতে হাফিজ উদ্দিন মেয়ের বাড়িতে যান। সেখানে জামাই ফিরুজের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফিরুজ বাঁশের লাঠি দিয়ে হাফিজ উদ্দিনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজ উদ্দিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের সাহাবউদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুরের সলিং মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযুক্ত ফিরুজ একই উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। ঘটনার পর তিনি ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন